দেশের জনগোষ্ঠীর ৪৫ শতাংশরই বয়স ১৮ বছরের নিচে। অথচ গণমাধ্যমে শিশুসংক্রান্ত সংবাদের হার মাত্র ৩ শতাংশ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস-২০১০ প্রদান অনুষ্ঠানে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানিয়েছে।বাংলাদেশে ইউনিসেফের প্রধান ক্যারল ডি রয় বলেন, গণমাধ্যমের কর্মীরা সমাজের চোখ, কান ও আত্মা। শিশুদের অধিকার রক্ষায় কাজ করার দায়িত্ব তাদেরই বেশি। সুবিধাবঞ্চিত শিশু, অপুষ্টি, মেয়েদের উত্ত্যক্ত করা (ইভ টিজিং) এবং শিক্ষাবঞ্চিত শিশুদের কথা গণমাধ্যমে আরও বেশি আসা উচিত। আয়োজকেরা জানান, শিশুদের অধিকার নিয়ে কাজ করেন, এমন সাংবাদিকদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে মীনা অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। এবার ষষ্ঠবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানে প্রিন্ট ও টেলিভিশনের রিপোর্টিং ও সৃজনশীল—এই দুটি বিভাগে মোট ২২ জনকে মীনা অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রিন্ট মিডিয়ার রিপোর্টিং বিভাগে তৃতীয় পুরস্কারটি যৌথভাবে দুজন পান। প্রিন্ট মিডিয়ার সৃজনশীল শাখার ১৮ বছরের নিচের বিভাগে প্রথম হয় মীম নওশীন নওয়াল খান এবং ১৮ বছরের ওপরের বিভাগে প্রথম হয়েছেন কাজী কেয়া। প্রিন্ট মিডিয়ায় রিপোর্টিং শাখায় ১৮ বছরের নিচের বিভাগে প্রথম হয় মো. শাজিদুল ইসলাম এবং ১৮ বছরের ওপরে প্রথম হন জনকণ্ঠের রাজন ভট্টাচার্য। টেলিভিশন রিপোর্টিং শাখায় ১৮ বছরের নিচের বিভাগে প্রথম হয় এটিএন বাংলার তামান্না জাহান, ১৮ বছরের ওপরে প্রথম হন চ্যানেল আইয়ের জান্নাতুল বাকেয়া। আর সৃজনশীল শাখার ১৮ বছরের ওপরে বিভাগে প্রথম হন এটিএন বাংলার রাবেয়া আক্তার।এ ছাড়া এ চারটি বিভাগে আরও পুরস্কার পেয়েছেন: সুমাইয়া বারকাতুল্লাহ, আল শামস মুহাম্মদ গালীব, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, শরিফ জামান, আজমাইন একতেদার, এমরান হাসান, রেখা দাশ, সুখদেব সানা, আলভী তাহমীদ, জাহিদুল আলম, রাসনা দাস, চয়ন রহমান, শারফুল আলম ও তারিকুল ইসলাম।