গণমাধ্যমের সমালোচনা সরকারের জন্য ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, গণমাধ্যমের সমালোচনা তাঁদের সরকারের জন্য ভালো। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল দুপুর একটার পর বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘তবে গণমাধ্যমের স্বাধীনতা মালিকের কাছে বন্দী। তাই তিনি আল্লাহর কাছে সাংবাদিকদের স্বাধীনতার জন্য প্রার্থনা করেন।’একই অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, গণমাধ্যমের কারণে তাঁরা নিজেদের ভুলত্রুটি বুঝতে পারছেন। ফলে তাঁরা সচেতন হয়ে কাজ করতে পারছেন।সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, গঠনমূলক সমালোচনার কারণে তাঁরা সচেতন হয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কারণে সেবা কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে, সে জন্য অনুষ্ঠানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, দল-মতনির্বিশেষে সবাই চেষ্টা করলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।উপাচার্যসহ একাধিক বক্তা অভিযোগ করেন, বিগত জোট সরকারের আমলে অনিয়ম আর দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। প্রাণ গোপাল দত্ত বলেন, জোট আমলের দুর্নীতির জটিলতা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এর জট খুলতে তিনি হিমশিম খাচ্ছেন।আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, চিকিৎসার জন্য দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিএসএমএমইউ। এর উচ্চ মান বজায় রাখার দায়িত্ব প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও সরকারের।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. শারফুদ্দিন আহম্মেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান প্রমুখ।