গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিকে সফল, সার্থক ও কল্যাণমুখী করতে হলে সংবাদ-মাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। সরকার এ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চাইলে তাকে গণতান্ত্রিক বলা কঠিন। গতকাল শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। আয়োজকদের ভাষায়, সংবাদপত্রের কণ্ঠরোধের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।এতে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, ‘এখন আর শেখ হাসিনা বা খালেদা জিয়ার কথা শুনতে ইচ্ছা করে না। কারণ তাঁরা সাম্রাজ্যবাদী প্রভুর নির্দেশে বলছেন বা করছেন বলে মনে হয়।’প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ সরকারের উদ্দেশে বলেন, ‘পৃথিবী বদলে গেছে। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন থাকতে দিন।’বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।