গণশৌচাগার না থাকায় নারী ও প্রতিবন্ধীদের সমস্যা বেশি
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার না থাকায়; বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য ব্যবহার উপযোগী শৌচাগার স্থাপনে সুষ্ঠু নীতিমালা, নির্দেশিকা ও পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডির সাতমসজিদ সড়ক-সংলগ্ন আবাহনী মাঠের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, বর্তমানে গণশৌচাগারগুলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত না হওয়ায় সেগুলো মানুষ ব্যবহার করছে না। ইতিমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন গণশৌচাগার স্থাপনে যে পরিকল্পনা নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। ভাসমান মানুষ যারা ফুটপাতে থাকে বা শহরে চলাচল করে, তাদের জন্য গণশৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সড়ক, বিপণিবিতান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য গণপরিসরে গণশৌচাগার না থাকায় স্বাস্থ্য ও পরিবেশ উভয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মারুফ হোসেন, জিয়াউর রহমান, জনস্বার্থ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডি এম সাকলাইন প্রমুখ।