সরকারি নীতিমালা ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনায় স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের (পাবলিক টয়লেট) বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি জনসমাগমের স্থানে গণশৌচাগার নির্মাণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে পারে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন। সেমিনারে সভাপতিত্ব করেন স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস। মূল প্রবন্ধ পড়েন সহ-আয়োজক ডিএসকের জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী রণজিৎ দাস।আলোচনায় সরকারের প্রধান স্থপতি এ এস এম ইসমাঈল বলেন, ঢাকা মহানগরে প্রয়োজনের তুলনায় গণশৌচাগারের সংখ্যা খুবই সীমিত। এসবের রক্ষণাবেক্ষণও ঠিকমতো করা হয় না। এগুলো ব্যবহারেরর ব্যাপারেও সাধারণ মানুষের মধ্যে অজ্ঞতা রয়েছে। মূল প্রবন্ধে এক গবেষণার কথা উল্লেখ করে বলা হয়েছে, খোদ রাজধানী শহরে ৬৯টি সরকারি (ডিসিসি) গণশৌচাগারের মধ্যে মাত্র পাঁচটি মোটামুটি ব্যবহারোপযোগী। ৭৫ শতাংশ টয়লেটেই নারীদের জন্য আলাদা ব্যবস্থা নেই। ৫০ শতাংশে নিয়মিত পানি থাকে না। ৭০ শতাংশে নেই প্রয়োজনীয় আলোর ব্যবস্থা।সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন, এ সেমিনারে শুধু সিটি করপোরেশনের তৈরি শৌচাগারের কথা বলা হচ্ছে না। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারসহ যেসব জায়গায় টয়লেট আছে সেগুলোর কথাও বলা হয়েছে। পবার চেয়ারম্যান বলেন, শৌচাগার-সমস্যায় নারীদের অপদস্থ হতে হয় সবচেয়ে বেশি। এর শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। মেয়েরা পানি কম খায়, যাতে টয়লেটে যেতে না হয়। অন্যদিকে টয়লেটও নোংরা থাকে, যা অসুস্থতার কারণ। চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি বলেন, শুধু টয়লেট-সমস্যার সমাধান করলে নারীদের ৩০ শতাংশ রোগ কমানো সম্ভব হবে।শ্রমিকনেত্রী শাহিদা পারভীন বলেন, অনেক খাতে নারী শ্রমিকদের জন্য টয়লেটের কোনো ব্যবস্থা নেই। সেমিনারে বক্তারা পরিবেশ রক্ষার জন্য অস্থায়ী বাজার, স্টেডিয়াম, ইজতেমার ময়দানসহ যেসব স্থানে সাময়িকভাবে বড় জনসমাগম হয় সেখানে ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা করার পরামর্শ দেন। তাঁরা পর্যাপ্ত মানসম্মত শৌচাগারের দাবিতে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।সেমিনারে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খেলার মাঠ, প্রধান সড়কসংলগ্ন স্থান, লঞ্চ-রেল-বাসটার্মিনাল ইত্যাদি স্থানে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ছাড়া রাজধানীর পরিবেশের স্বার্থেই নিম্ন আয়ের কর্মজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শৌচাগারের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়।মূল প্রবন্ধে লেখক মলমূত্রকে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহারের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। এতে গণশৌচাগার ব্যবহার করার জন্য প্রচারণা বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়।অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান সারোয়ার জাহান, স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান।