গণসংবর্ধনায় আসা ছাত্রলীগ নেতার ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগের নেতা ইসমাইল হোসেন (২৮) মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আওয়ামী লীগের গণসংবর্ধনায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

ইসমাইল রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ইসমাইল রূপগঞ্জের কাঞ্চন মুরাপাড়া ডিগ্রি কলেজের ছাত্র। মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইলের সঙ্গে রূপগঞ্জ থেকে এসেছিলেন মো. শিপার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোর প্রতিনিধিকে তিনি জানান, স্থানীয় সাংসদের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে তাঁরা এসেছিলেন। বেলা আড়াইটা থেকে তাঁরা কুড়িল ফ্লাইওভারের নিচে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ এক ছেলে দৌড়ে এসে তাঁদের জানায় যে রূপগঞ্জের এক লোক ট্রেনে কাটা পড়েছেন। তাঁরা সবাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন ইসমাইল দুর্ঘটনার শিকার  হয়েছেন।