গণহত্যা দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘একাত্তরের গণহত্যা এবং আমাদের স্বাধীনতাযুদ্ধ: একজন মুক্তিযোদ্ধার সাথে তরুণ শিক্ষার্থীদের কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা দিদার এ হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইইউবি লাইব্রেরি আলোচনা সভার আয়োজন করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা দিদার এ হোসেন তাঁর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, গেরিলা যুদ্ধ এবং যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। মুক্তিযোদ্ধাদের তুলনায় দেশের তরুণ প্রজন্মকে অনেক বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান দিদার হাসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন আইইউবির উপাচার্য তানভীর হাসান, সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইইউবির সম্মানিত ট্রাস্টি হোসনে আরা আলী; এ কাইয়ুম খান, পাঁচ অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা। উপস্থিত অতিথিদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির গ্রন্থাগারিক মুহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী।