গণহত্যা দিবস নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে কোডা আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে কোডা আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

লম্বা টেবিলে বসে দ্রুত কলম চালাচ্ছে নয় কিশোর-কিশোরী। পেছনে ব্যানারে লেখা, ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতা কি তবে আজ ছিল? আয়োজকদের একজন বললেন, প্রাথমিক ফলাফল আগেই তৈরি হয়ে গেছে। তবে চূড়ান্ত যাচাইয়ের জন্য প্রতিযোগীদের আগের লেখা রচনার মূল অংশ আবারও লিখতে বলা হয়েছে।

তিন ধাপের যাচাই শেষে কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ শিরোনামের রচনা প্রতিযোগিতার পুরস্কার উঠল ২৬ জনের হাতে।

গতকাল রোববার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ই-মেইলে, ডাকে এবং সরাসরি কোডার ঠিকানায় সারা দেশ থেকে প্রতিযোগীরা তাদের লেখাগুলো পাঠিয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোয় মূল যে চেতনাকে আমরা ধারণ করি, তা হলো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা। সেই দিক থেকে এই রচনা প্রতিযোগিতার বিষয় আমাদের খুব কাছের। এ বিষয়ে চর্চা অব্যাহত রাখতে হবে।’

প্রতিযোগিতার প্রধান নিরীক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, এই রচনা প্রতিযোগিতার মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে এ প্রজন্মের আগ্রহ, পড়াশোনার মাত্রা যাচাই করার সুযোগ পাওয়া গেছে।

অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ইতিহাসের সঙ্গে যখন শিল্প-সাহিত্যের চর্চা যুক্ত হয়, তখন তা মানুষকে আরও বেশি প্রভাবিত করে। ২৫ মার্চের গণহত্যা নিয়ে আরও বেশি চর্চা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডা, সোডা ও ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠান তিনটির সহসভাপতি ডালিয়া নাহিদ খান, কোডার অধ্যক্ষ ড. স্বপন কুমার দাশ, সোডার অধ্যক্ষ সালমা ইহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকার চেক এবং ক্রেস্ট-সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়া ২৬ জনই চাইলে কোডায় বিনা মূল্যে পড়ার সুযোগ পাবে।