গণহত্যা মামলার বাদী অন্য মামলায় আটকে গেলেন
চাঁদা দাবি ও মারধরের অভিযোগে করা মামলায় এক মুক্তিযোদ্ধার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার পাঁচ আসামির জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি আদালত এই আদেশ দেন।সূত্র জানায়, মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাসহ সব আসামি জামিনে ছিলেন। গত ২৭ এপ্রিল ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির দিন ধার্য ছিল।আদালত সূত্র জানায়, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ১২ জনের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় ২০০৮ সালে মামলা হয়। আমির হোসেন মোল্লা বাদী হয়ে এই মামলা করেন। বর্তমানে ওই মামলার নথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।গতকাল আমির হোসেন মোল্লাসহ ছয়জন আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম আমির হোসেনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়।মামলার বিবরণে জানা যায়, পল্লবী থানার দুয়ারীপাড়ায় একটি প্রকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এফ এম আলী আজগর একটি প্লট কেনেন। ওই প্লট দেখাশোনা করেন মনিরুজ্জামান মিয়া। আমির হোসেন মোল্লা তাঁর লোকজন নিয়ে ২০০৯ সালের ১২ অক্টোবর প্লটে মাটি ভরাটের কাজে বাধা দেন এবং চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ঢাকার প্রথম সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করা হয়। গত ৫ মার্চ ওই প্লটে আবার কাজ করতে গেলে আসামিরা চাঁদা দাবি ও মারধর করে। পরদিন মনিরুজ্জামান বাদী হয়ে পল্লবী থানায় এই মামলা করেন।