গত ছয় বছরে প্রজনন হার কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় বছরে দেশে মোট প্রজনন হার কমেনি, একই জায়গায় থমকে আছে। এর একটি বড় কারণ অল্প বয়সে গর্ভধারণ। তাই কম বয়সে গর্ভধারণ রোধে সুনির্দিষ্ট কৌশল জরুরি।

গতকাল সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মধ্যে নতুন দম্পতিদের দেরিতে গর্ভধারণ এবং পরিবার পরিকল্পনা-বিষয়ক সেবা দেওয়ার একটি পাইলট স্টাডি চুক্তি সই অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অধিদপ্তরের আইইএম সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

এতে জানানো হয়, প্রকল্পের অধীনে ১৫ থেকে ১৯ বছর বয়সী নতুন দম্পতিদের বিয়ের আসরেই অল্প বয়সে গর্ভধারণের কুফল ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করা হবে। বিবাহ নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জানানো হবে। মাঠপর্যায়ে কাজটি পরিচালনা করবে আইসিডিডিআরবি। প্রকল্পে আর্থিক সহায়তা দেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (ফিন্যান্স) প্রণব কুমার নিয়োগী। ইউএনএফপিএর স্বাস্থ্যবিষয়ক প্রধান কর্মকর্তা সত্যনারায়ণ দরিয়াস্বামি, আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাঈদ মনজুরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।