গবাদিপশু পাঁচ কোটি, টিকা দেওয়া হয়েছে ১৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাঁচ কোটিরও বেশি গবাদিপশু রয়েছে। অথচ অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হচ্ছে ১৫ লাখ, যা মোট গবাদিপশুর মাত্র ৩ শতাংশ। এমনকি প্রতিবছর যেসব জেলায় মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছে, সেসব জেলাতেও মাত্র ৩০ শতাংশ প্রাণীকে টিকা দেওয়া হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। আইইডিসিআর জানায়, এ বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ১০৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। গত বছরের তুলনায় এই হার কম।আইইডিসিআর মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদুর রহমান বলেন, সব গবাদিপশুকে টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একনাগাড়ে পাঁচ-ছয় বছর গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দিলে রোগের প্রকোপ কমানো যাবে। মাহমুদুর রহমান বলেন, এ দেশের মানুষের ত্বকের অ্যানথ্রাক্স হচ্ছে। অ্যান্টিবায়োটিক খেলে এই রোগ পুরোপুরি ভালো হয়। বিশ্বের বিভিন্ন দেশে মানুষের পরিপাকতন্ত্র বা শ্বাসতন্ত্রে অ্যানথ্রাক্স হয়, এতে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। তিনি আক্রান্ত প্রাণী জবাই না করা, মাংস কাটাকাটি না করা ও অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ দেন। কর্মশালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দেশে গবাদিপশুর সংখ্যা পাঁচ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৩১৩টি। এর মধ্যে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে ১৪ লাখ ৯৫ হাজার ৩৪৪টিকে।কর্মশালায় বলা হয়, নতুন নতুন সংক্রামক-ব্যাধির ৭৫ শতাংশের উৎস প্রাণী থেকে। কাজেই রোগ নিয়ন্ত্রণে প্রাণীদের সুস্থ রাখা জরুরি। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সব গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দিতে হলে বছরে পাঁচ কোটি টিকা উৎপাদন করতে হবে, অধিদপ্তরের গবেষণাগারে সর্বোচ্চ এক কোটি টিকা উৎপাদন করা সম্ভব। প্রাণিসম্পদ অধিদপ্তরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল সংকট প্রকট। উপজেলাস্তরে টিকা দেওয়ার জন্য কর্মী আছেন মাত্র তিনজন। এ কারণে বিপুলসংখ্যক গবাদিপশুকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া সব সময় সম্ভব হয় না। কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিসেফের কর্মকর্তা আনু পুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কর্মকর্তা এ এস এম আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন।