গবেষণা খাতে বরাদ্দ কম, খরচও হয় না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে চলতি অর্থবছরে দেওয়া বরাদ্দ মোট বাজেটের এক শতাংশেরও কম। শিক্ষকেরা বলছেন, গবেষণা খাতে এই বরাদ্দ একেবারে অপ্রতুল। অনুসন্ধানে দেখা গেছে, এ খাতে বরাদ্দ প্রতিবছরই কম থাকে। আবার এই সামান্য বরাদ্দও কোনো কোনো অর্থবছরে খরচ হয় না। এ খাতে বরাদ্দ কম দেওয়ায় গবেষকেরা বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছেন। গত ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে চলতি ২০১১-১২ অর্থবছরের জন্য ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয় দুই কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। অধিবেশনে কয়েকজন সদস্য গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন। সিনেট সদস্য মো. আখতারুজ্জামান অধিবেশনে বলেন, গবেষণা খাতে কয়েক কোটি টাকার বরাদ্দ দিয়ে আসলে কোনো কিছু হবে না। এ খাতে বরাদ্দ বাড়ানো উচিত।বিশ্ববিদ্যালয়ের বাজেট বই পর্যালোচনায় দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট গত পাঁচ বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে সংশোধিত বাজেট ছিল ১৩৪ কোটি টাকার, যা চলতি অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ কোটি ২৯ লাখ টাকা। এই সময়ে গবেষণা খাতেও বরাদ্দ বেড়েছে দ্বিগুণ। এ খাতে ২০০৬-০৭ অর্থবছরে বরাদ্দ ছিল এক কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৭১ লাখ ২০ হাজার টাকায়। দেখা যায়, গত পাঁচ বছরে গবেষণা খাতে মূল বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে, কোনো অর্থবছরই সেই টাকা খরচ করা হয়নি। ফলে সংশোধিত বাজেটে গবেষণা খাতে বরাদ্দ কমে গেছে। হিসাবরক্ষকের দপ্তর থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে বেশি বরাদ্দ পেতে অন্যান্য খাতের মতোই এ খাতে বরাদ্দ বেশি দেখানো হয়। কিন্তু বছর ঘুরে সংশোধিত বাজেটে এ টাকা অন্য খাতে স্থানান্তর করা হচ্ছে। গবেষণার সঙ্গে জড়িত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বরাদ্দ কম দেওয়ায় গবেষকেরা বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণা কাজ করছেন। অনুসন্ধানে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছিল এক কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা কমে করা হয় এক কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। এভাবে প্রত্যেক বছরই কমেছে। একইভাবে ২০০৭-০৮ অর্থবছরে তিন লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ৫৫ লাখ ৩০ হাজার টাকা কম ব্যয় হয়েছে। সবচেয়ে কমেছে ২০০৯-১০ অর্থবছরে। এই অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল পাঁচ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু ব্যয় করা হয়, মাত্র এক কোটি ৮২ লাখ ৮৫ হাজার টাকা। আর গত অর্থবছরে বরাদ্দ রাখা দুই কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে ব্যয় করা হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, গত অর্থবছরে কয়েকটি গবেষণা কেন্দ্র ও প্রকল্প তাদের জন্য বরাদ্দ করা অর্থ উত্তোলন করেনি। এগুলো হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, ভূমিকম্প প্রকল্প, অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য গবেষণা কেন্দ্র, সেন্টার ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সেটার ফর বুড্ডিস্ট হেরিটেজ কালচার গবেষণা কেন্দ্রগুলো তাদের বরাদ্দ করা অর্থ উত্তোলন করেনি। কিন্তু চলতি অর্থবছরেও এসব কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিভিন্ন গবেষণা কেন্দ্রকে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তারা সে অর্থ নেয় না। এ কারণে টাকাও ব্যয় হয় না। প্রতিবছর ঘাটতি বাজেট হওয়ায় এ অর্থগুলো অন্যান্য খাতে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম টাকা খরচ না হওয়ার জন্য কম বরাদ্দকেই দায়ী করেন। প্রথম আলোকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বরাদ্দ দেয় তা গবেষণার জন্য বই কিনতেই খরচ হয়ে যায়। তাই গবেষকেরা সে টাকা উত্তোলন করতে খুব একটা উৎসাহ পান না। বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহারের চেয়ে তাঁরা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হতেই বেশি পছন্দ করেন।