গভর্নমেন্ট ল্যাবরেটরি দশম
গতবার এসএসসির ফল প্রকাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলটির তেমন কোনো সাফল্য ছিল না। তবে এবার মেধাতালিকায় স্কুলটি দশম স্থান অধিকার করেছে। তাই স্কুলটিতে ছিল আনন্দের বন্যা।এই স্কুল থেকে এবার ২৬৯ জন এসএসসি পরীক্ষা দেয়। একজন ফেল করেছে। পাশের হার ৯৯ দশমিক ৬৩। স্কুলটি থেকে জিপিএ ৫ পেয়েছে মোট ২০২ জন, যা প্রাপ্তির হারের দিক থেকে প্রায় ৭৫ দশমিক ০৯ শতাংশ।১৯৬১ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে এবার বিজ্ঞান বিভাগে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪৪ জন, জিপিএ ৫ পেয়েছে ২০০ জন। ব্যবসায় শিক্ষায় ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে এবং জিপিএ ৫ পেয়েছে দুজন। স্কুলটিতে মানবিক শাখা নেই।বিজ্ঞান বিভাগের রায়হান আলী খান, আলিমুর রেজা, সিফাত আহমেদ, নুরুজ্জামান সাগর, জামিউল আলম ও জাকির হোসেন জিপিএ ৫ পাওয়ায় আনন্দে আত্মহারা। তারা ভবিষ্যতে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাও শুরু করেছে।জিপিএ ৫ পাওয়া সাদমান শাকিব ইউসুফের মা শামসুন নাহার বলেন, ছেলে তো মাত্র একটি সংগ্রাম শেষ করল। সামনে আরও অনেক পথ বাকি। এই অভিভাবকের মতে, স্কুলের তদারকি আরেকটু বাড়ানো হলে স্কুলটির পক্ষে আরও ভালো ফল করা সম্ভব।স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার সময় একজন শিক্ষার্থী এসে টুপ করে সালাম করল প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল জানালেন, তাওসীফ একরাম নামের এ শিক্ষার্থী বরাবরই ভালো। তারপরও তার মায়ের চিন্তার শেষ ছিল না। তাঁর নামই হয়ে গিয়েছিল ‘টেনশন মা’।প্রধান শিক্ষকের মতে, মেধা ও পরিবেশের গুণফলেই শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ হয়। এবং পরিপূর্ণ বিকাশ ঘটলেই ভালো ফল আশা করা যায়। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও কম নয়।সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে পরীক্ষার্থীদের ফেল করার সুযোগ কম এবং এতে নকল করার কোনো উপায়ই নেই বলে উল্লেখ করেন মোস্তফা কামাল। তাঁর মতে, এ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক একটি পদ্ধতি।