ভিতের মাটির গঠনের কারণে উত্তরা তৃতীয় পর্বের প্লটগুলোয় বাড়ি করতে অন্তত ৬০ থেকে ১০০ ফুট পাইলিং করতে হতে পারে। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বালু দিয়ে ভরাট করা স্তর বেশ গভীর হওয়ায় সেখানে নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে অনেক বেশি গভীর পাইলিং করতে হবে। এ ছাড়া বিমানবন্দরের নৈকট্যের কারণে বাড়ির উচ্চতা নির্ভর করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তির ওপর।উত্তরা তৃতীয় প্রকল্পের ১৫ থেকে ১৭ এই তিনটি সেক্টরে প্রায় পাঁচ হাজার প্লট রয়েছে। ১৯৯৭ সালে আবেদন করার প্রায় ১৪ বছর পর বরাদ্দ পাওয়া ব্যক্তিদের ১ মার্চ থেকে প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৬-৮৭ সালে উত্তরা দ্বিতীয় প্রকল্পের উন্নয়ন করার সময় দিয়াবাড়ীসহ বেশ কয়েকটি মৌজা থেকে মাটি কেটে নেওয়া হয়। এ থেকে সৃষ্ট বিশাল গর্তগুলোতে পানি জমে তৈরি হয় বিশাল জলাশয়। আর এ জলাশয় ভরাট করেই হয়েছে তৃতীয় প্রকল্প। প্রকল্পের সঙ্গে শুরু থেকেই যুক্ত রাজউকের একজন প্রকৌশলী জানান, ১৯৯৮-৯৯ সালের দিকে তৃতীয় প্রকল্প এলাকাটি এত বেশি পানিভর্তি ছিল যে, দূর থেকে বিলের মতো দেখাত। বেশি পাইলিং কেন: একসময় তৃতীয় প্রকল্পভুক্ত ১৫ থেকে ১৮ নম্বর সেক্টরের বেশির ভাগ স্থানে ২৫-৩০ ফুট পানি ছিল। সূত্রমতে, সেখানে গড়ে তোলা প্লটগুলোর কিছু কিছু স্থানে ৩০-৪০ ফুট গভীর পর্যন্ত বালু রয়েছে। এই বালুর স্তর বাদ দিয়ে আরও কমপক্ষে ৫০ ফুট গভীরে পাইলিং করে বহুতল ভবন নির্মাণ করতে হবে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘উত্তরার এসব এলাকার মাটি বেশ ভিন্ন। তৃতীয় প্রকল্পে গভীর পাইলিং ছাড়া ভবন তৈরি সম্ভব নয়, তা করা হলে বিপদই ডেকে আনা হবে। উত্তরা ১০ থেকে ১৪ নম্বর সেক্টরের মাটিও অনেক স্থানে স্বাভাবিক নয়।’মোবাশ্বের হোসেন বলেন, মাটি পরীক্ষা করলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এখানে ভিত তৈরির খরচ স্বাভাবিক মাটির তুলনায় কয়েক গুণ বেশি লেগে যেতে পারে। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, বেশি পানি থাকায় উত্তরার প্রকল্পভুক্ত এলাকাটি অনেক বেশি ভরাট করতে হয়। নিয়ম অনুযায়ী মাটি পরীক্ষা করে পাইলিং করতেই হবে। একটি ভবন নির্মাণের আদর্শ পদ্ধতিতে বিভিন্ন পর্যায়ে চারজন স্থপতি ও প্রকৌশলী যুক্ত থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, উত্তরা তৃতীয় প্রকল্পের প্লটে এ বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। ভবনের উচ্চতার সীমা: রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান বলেন, উত্তরা প্রকল্পে ভবনের উচ্চতা নির্ভর করবে প্রধানত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওপর। অন্য কোনো সমস্যা না থাকলে ১০০ ফুট চওড়া সড়কের পাশে ১০তলা বা তার বেশি উচ্চতার ভবন তৈরি করা যেতে পারে। তবে রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিমান উড্ডয়ন এলাকা তুলনামূলকভাবে কাছে হওয়ায় ১৫ নম্বর সেক্টরের ‘ই’ ব্লকের একটি বড় অংশে চারতলার বেশি উচ্চতার ভবন তৈরির অনুমোদন না দেওয়া হতে পারে। সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, তৃতীয় প্রকল্পের প্লট বুঝে নেওয়ার জন্য ভিড় জমিয়েছেন বরাদ্দ পাওয়া ব্যক্তিরা। সাবেক সরকারি কর্মকর্তা এম এ খালেক ভূঁইয়া ১৫/বি নম্বর সেক্টরে প্লট পেয়েছেন। তিনি বলেন, অনেক বছর অপেক্ষার পর প্লট পেয়ে মনে স্বস্তি এসেছে। এখন বাড়ি তৈরির চিন্তা।