গভীর রাতে ঘুরতে বেরিয়ে সড়কে গেল প্রাণ
রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম এসব তথ্য জানান।
নিহত ব্যক্তির নাম কাজী আমিনুল হক (৩৫)। তিনি মহাখালীর স্থানীয় বাসিন্দা। বাবার নাম কাজী আলিমুল হক।
আহত ব্যক্তির নাম সুমন মিয়া। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
এসআই সাইফুল আলম বলেন, গতকাল রাতে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস কলেজের সামনের সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ধাক্কায় মোটরসাইকেলে থাকা আমিনুল ঘটনাস্থলে মারা যান।
এসআই সাইফুল আলম বলেন, পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, গত রাতে আমিনুল তাঁর প্রতিবেশী সুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।
ময়নাতদন্তের জন্য আমিনুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।