গরম মসলার বাজার চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই মাসে গরম মসলাসহ বিভিন্ন মসলার দাম খুব একটা বাড়েনি, আবার কমেওনি। কিছু মসলার পাইকারি মূল্য বেড়েছে। কিছু মসলার কমেছে। তবে পাইকারি দাম যা-ই হোক না কেন, ক্রেতাদের কাছ থেকে চড়া দাম নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা। রাজধানীতে মসলার পাইকারি বাজার মৌলভীবাজারসহ বিভিন্ন খুচরা দোকানে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।আন্তর্জাতিক বাজারে মসলার দাম কমা এবং ভারত থেকে অবৈধ পথে প্রচুর মসলা দেশে ঢোকায় এবার গরম মসলার দাম অনেক কম বলে জানালেন বাংলাদেশ পাইকারি গরম মসলা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হক। তিনি প্রথম আলোকে বলেন, মসলা আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এরপর সম্পূরক শুল্ক দিতে হয় ২০ থেকে ২৫ শতাংশ। শুল্ক বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা অবৈধ পথে মসলা আনছেন। এতে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই মসলা বিক্রিও বন্ধ করে দিয়েছেন।লবঙ্গ: মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি কেজি লবঙ্গের পাইকারি দাম এক হাজার ৪০০ থেকে এক হাজার ৪৮০ টাকা। মাস খানেক আগেও এর দাম ছিল এক হাজার ৫৬০ থেকে এক হাজার ৬০০ টাকা। তবে খুচরা দোকানে ১০০ গ্রাম লবঙ্গ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সে হিসেবে লবঙ্গের কেজি দাঁড়ায় এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায়।এলাচ: পাইকারি বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে এক হাজার ৫৫০ টাকায়। মাস খানেক আগেও তা বিক্রি হতো এক হাজার ৭০০ টাকায়। খুচরা দোকানে এর উল্টো প্রভাব পড়েছে। খুচরা বিক্রেতারা ৫০ গ্রাম এলাচ বিক্রি করছেন ৯০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ এক কেজি এলাচ বিক্রি করছেন এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়।এ ব্যাপারে খুচরা বিক্রেতাদের দাবি, তাঁরা এক হাজার ৭০০ টাকায় কেনা এলাচ দুই হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।দারচিনি: বর্তমানে এক কেজি দারচিনির পাইকারি দাম ২১৫ থেকে ২২০ টাকা। খুচরা দোকানে তা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।জিরা: পাইকারি বাজারে তুরস্কের জিরা প্রতি কেজি ৪৪০ টাকা, সিরিয়ার ৪০০ টাকা ও ভারতের জিরা ৩৯০ টাকা করে বিক্রি হচ্ছে। তবে খুচরা দোকানিরা তা বিক্রি করছেন ৫০০ টাকা কেজি দরে।গোলমরিচ: কালো গোলমরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৮২০ টাকা কেজি দরে। খুচরা দোকানে ১০০ গ্রাম গোলমরিচ বিক্রি হয় ১০০ থেকে ১১০ টাকায়। সে হিসাবে এক কেজির দাম পড়ে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা।জয়ত্রি ও জায়ফল: পাইকারি ব্যবসায়ীরা জয়ত্রি বিক্রি করেন দুই হাজার ২০০ টাকা কেজি। তাঁরা বলছেন, এক মাসে এ মসলার দাম কমেছে কেজিতে ১০০ টাকা। খুচরা দোকানে ৫০ গ্রাম জয়ত্রি বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকায়। প্রতি কেজির দাম দাঁড়ায় দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকায়।পাইকারি বাজারে জায়ফল বিক্রি হয় এক হাজার ১৫০ টাকা কেজি। অবশ্য খুচরা দোকানে জায়ফল বিক্রি হয় প্রতিটি হিসেবে। প্রতিটির দাম ১০ টাকা।এ ব্যাপারে খুচরা বিক্রেতারা বলেন, এক কেজি জায়ফল কিনলে ৩০ থেকে ৪০ শতাংশই নষ্ট হয়ে যায়। তাই এর দাম বেশি রাখতে হয়। নইলে প্রতিটি জায়ফল পাঁচ টাকার কমে বিক্রি করা যেত।কিশমিশ ও পেস্তা: ঈদুল ফিতরে সেমাইয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মসলাটি হলো কিশমিশ। পাকিস্তানি কিশমিশের পাইকারি মূল্য ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি। তুলনামূলক উন্নত মানের গোল্ডেন কিশমিশের পাইকারি দাম ৪৬০ টাকা কেজি। খুচরা বিক্রেতারা পাকিস্তানি কিশমিশ ৪০০ ও গোল্ডেন কিশমিশ ৬০০ টাকা কেজি বিক্রি করছেন।অন্যদিকে পাইকারি বাজারে পেস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৫৮০ থেকে এক হাজার ৬৫০ টাকায়। খুচরা দোকানে তার দাম দুই হাজার টাকা।জাফরানের কেজি এক লাখ ৪০ হাজার: রান্নায় সামান্য জাফরানই ঘ্রাণ ছড়িয়ে দেয় পুরো খাবারে। আর পাইকারি বাজারে এক কেজি জাফরানের দাম এক লাখ ৪০ হাজার টাকা! খুচরা দোকানে জাফরান বিক্রি হয় প্রতি গ্রাম বা তোলা হিসেবে।