গরম মিষ্টি, সঙ্গে টাটকা বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা পদের লোভনীয় গরম মিষ্টির স্বাদ মিলবে পূর্বাচল ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর অস্থায়ী বাজারে। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা l প্রথম আলো
নানা পদের লোভনীয় গরম মিষ্টির স্বাদ মিলবে পূর্বাচল ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর অস্থায়ী বাজারে। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা l প্রথম আলো

চিত্তরঞ্জন দাস বালু নদের অপর পারে বেলতলা বাজারে পেঁয়াজি বিক্রি করতেন। সময়টা ২০১৩ সাল। ঢাকার উপকণ্ঠ পূর্বাচল উপশহরের জন্য তখন সড়ক নির্মিত হচ্ছে। এর মধ্যে বালু নদের ওপর সেতুর উদ্বোধন করা হয়। ভাজা-পোড়া বিক্রি করতে চিত্তরঞ্জন একজন চা-ওয়ালাকে সঙ্গে করে চলে আসেন নতুন সেতুর গোড়ায়। রোজার মাস, প্রথম দিনেই বেশ বিক্রি হয়। সেই থেকে শুরু। এখন শতাধিক দোকান। রাজধানীবাসীরও নজর কাড়ছে পূর্বাচলের এই বাজার।

৩০০ ফুট সড়ক ধরে সোজা পূর্বাচল ১ নম্বর সেক্টরে বালু সেতু পার হয়ে হাতের ডান দিকে অস্থায়ী কিছু খাবার দোকান বসেছে। তার পেছনেই বাজার। স্থানীয়ভাবে এটি ভোলানাথপুর বাজার নামে পরিচিত।

বাজারে ঢুকলে প্রথমেই চোখে পড়বে সারি সারি স্টিলের পাত্র ভর্তি মিষ্টি। বাজারের অন্যতম আকর্ষণ এই মিষ্টি। রাজভোগ, মোহনভোগ, রসগোল্লা, রসমালাই, মালাই চপ, বালিশ মিষ্টি, পানতোয়া, খেজুর মিষ্টিসহ হরেক পদ। বছরখানেক ধরে এ বাজারে দোকান করছেন উৎপল চন্দ্র দাস। তিনি বলেন, এখানে প্রায় ১৫ ধরনের মিষ্টি তৈরি হয়। প্রতিটি মিষ্টির দোকানের পেছনেই মাটির চুলায় কারিগরেরা মিষ্টি তৈরি করেন। রকমভেদে কেজিপ্রতি দাম ১৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খাবারের গ্রুপগুলোতে এখানকার মিষ্টিও আলোচনার বিষয়। তৌহিদুল ইসলাম তাঁর অফিসের ঊর্ধ্বতনদের নিয়ে মিষ্টি খেতে চলে এসেছেন। তিনি বললেন, এখানে গরম মিষ্টি খাওয়ার সুযোগ আছে। অনেককেই তিনি নিয়ে আসেন মিষ্টি খাওয়াতে।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় গিয়ে দেখা যায়, ক্রেতা কম। দোকানিরা বলেন, মূল বেচাকেনা হয় সকালে ও বিকেলে। ক্রেতাও বেশি থাকে। শুক্রবার সবচেয়ে বেশি ক্রেতা হয়। দূর-দূরান্ত থেকে লোক আসে। শুরুর দিককার দোকানি চিত্তরঞ্জনের কাছে জানা গেল এ বাজার জনপ্রিয় হয়ে ওঠার কারণ। তিনি বলেন, আশপাশের গ্রাম মাস্তুল, কালিকুঠি, পুবেরটেক, ইছাপুরসহ বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত শাকসবজি, দেশি ফল, পুকুর-বিলের মাছ এখানে আসে। তবে ঢাকা থেকে কেনা পণ্যও বিক্রি হয়। টাটকা জিনিস পেতেই সবাই ভিড় জমায়। এ ছাড়া খেতে এসে অনেকে বাজার করে নিয়ে যায়। মূলত বসুন্ধরা, উত্তরা, গুলশান, বনানীর বাসিন্দারাই বেশি আসেন।

নিজামউদ্দিন ভূঁইয়া উত্তরা থেকে এসেছেন। প্রায়ই আসেন এ বাজারে। তিনি বলেন, ‘টাটকা জিনিস পাওয়া যায়। সময় হলেই চলে আসি। তবে এখানে বাইরে থেকে কিনে এনেও বিক্রি করে।’

রফিক মিয়ার মাছের দোকান। পাশাপাশি দুটি পাত্রে শিং মাছ লাফাচ্ছে। নিজেই দেখালেন, কোনগুলো চাষের আর কোনগুলো বিলের। দামেরও ব্যাপক পার্থক্য। রফিক মিয়া বলেন, এখানকার মাছে ফরমালিন নেই। চাষের মাছ ছাড়াও দেশি পুঁটি, ট্যাংরা, কই, চিংড়ি এ বাজারে ওঠে। খাঁচাভর্তি নানা জাতের হাঁস-মুরগিও আছে।

দোকানদারেরা বলেন, মানুষের চাহিদার কথা বিবেচনা করেই এ বাজার গড়ে উঠেছে। তবে এটি অস্থায়ী। এখানে স্টেডিয়াম হবে। বাজারের শুরুটা সেতুর গোড়ায় হলেও একাধিকবার তাঁদের উঠিয়ে দেওয়া হয়েছে। সরতে সরতে সেতু থেকে কয়েক গজ দূরে বাঁশ, টিন, ত্রিপল, মাচা দিয়ে জায়গা করে নিয়েছেন। তবে জানালেন, রাজউক তাঁদের যেকোনো সময় তুলে দিতে পারে। বাজার শুরু হয় সকাল ৭টা থেকে, চলে রাত ১১টা অবধি।