গরমের সঙ্গে এবারও আসছে লোডশেডিং

নির্বাচনী বছরের গ্রীষ্ম ঋতু লোডশেডিংমুক্ত রাখার জন্য চেষ্টা বা উদ্যোগের কোনো কমতি ছিল না সরকারের। কিন্তু সেসব পুরোপুরি কাজ দেয়নি। তাই এবারের গ্রীষ্ম আসছে লোডশেডিংকে সঙ্গী করে। ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র এরই মধ্যে লোডশেডিংয়ের আলামত দেখা দিতে শুরু করেছে।
সরকার অবশ্য আশা করছে, মৌসুমের মধ্যভাগে আর লোডশেডিং থাকবে না। তবে বাস্তবে সে আশাও পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ তথ্য পাওয়া গেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ খাতের সংস্থাগুলোর সূত্রে।
এ আশঙ্কার প্রধান কারণ হিসেবে সূত্রগুলো চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতির কথা বলেছে। তারা জানিয়েছে, গত বছর গ্রীষ্মের লোডশেডিংয়ের অভিজ্ঞতা থেকে সরকার এ বছরের গ্রীষ্মের আগেই ১ হাজার ৮০০ মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কার্যাদেশ দিয়েছিল। সে অনুযায়ী চলতি মার্চ মাসে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার ডিজেলচালিত কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে, সেগুলো চালু হতে হতে মে মাস এসে যেতে পারে।
এ ছাড়া, ফার্নেস তেলচালিত প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার সম্ভাব্য সময় ছিল আগামী মে-জুনে। কিন্তু সেগুলোর সময়ও পিছাবে। সে কারণে চাহিদার তুলনায় ঘাটতি নিয়েই মৌসুম শুরু করতে হবে বিদ্যুৎ মন্ত্রণালয়কে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, মৌসুমের শুরুতে ৫০০-৬০০ মেগাওয়াট লোডশেডিং করতে হতে পারে। তবে মে-জুন মাস নাগাদ আর লোডশেডিং থাকবে না। এই সময়ের মধ্যে তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু হবে। তা ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো যাবে। এতে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন বাড়বে।
বিদ্যুৎ উৎপাদন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, তারা এবার গ্রীষ্মে ১২ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ১০ হাজার ৮৪ মেগাওয়াট। ১৯ মার্চ সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদনের এই রেকর্ড হয়, যদিও এরপরই উৎপাদন কমে এসেছে। এর ফলে ঢাকার মিরপুর, লালবাগ, ঝিগাতলা, তেজগাঁওসহ অনেক এলাকায় শুরু হয়ে গেছে লোডশেডিং। গুলশান-বনানী এলাকায় জেনারেটর চলেছে। ঢাকার বাইরেও লোডশেডিং চলছে বলে জানা গেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সূত্রে।
বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা প্রায় ১৭ হাজার মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন ক্ষমতা (ডি-রেটেড ক্যাপাসিটি) তার চেয়ে বেশ কম। পিডিবির পক্ষে যদি ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে উৎপাদন করা সম্ভব হতো, যা প্রকৃতপক্ষে এখন সম্ভব নয়, তাহলেও গ্রাহকের কাছে পৌঁছাত সাড়ে ১০ হাজার মেগাওয়াটের মতো। কারণ বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতেই ব্যবহার করতে হয় উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫ শতাংশ। এই খাতের পরিভাষায় একে বলা হয় ‘অক্সিলারি’। তা ছাড়া, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্য দিয়ে গ্রাহকের ঘরে বিদ্যুৎ পৌঁছাতে অন্তত ১০ শতাংশ হয় পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস)। এর ফলে ১২ হাজার থেকে প্রক্রিয়াগত কারণেই খরচ হয়ে যেত প্রায় ২ হাজার মেগাওয়াট। অথচ এবারের গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা হবে ১২ হাজার মেগাওয়াটের বেশি।
সামনের গ্রীষ্মে দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চাহিদা হবে প্রায় সাত হাজার মেগাওয়াট। ঢাকার দুটি বিতরণকারী সংস্থার মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) চাহিদা ১ হাজার ৭১৪ মেগাওয়াট। আর ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) চাহিদা এক হাজার মেগাওয়াট।
এ ছাড়াও আরও রয়েছে পিডিবির বিতরণ অঞ্চল, যার সর্বোচ্চ চাহিদা হবে প্রায় দুই হাজার মেগাওয়াট। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) চাহিদা এখনই ৭০০ মেগাওয়াট। নর্থ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চাহিদাও প্রায় ৪০০ মেগাওয়াট। গ্রীষ্ম পার হতে না হতে আগামী জুনে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। তখন যে শুধু নগরাঞ্চলেই চাহিদা বাড়বে তা নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে একেবারে গ্রামাঞ্চলের গ্রাহক পর্যন্ত।

বিতরণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এবারও ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকবে। তবে ডিপিডিসির অওতাধীন লালবাগ, নারিন্দা ও শ্যামপুর এলাকায় চলবে নিয়মিত লোডশেডিং। একইভাবে লোডশেডিং হবে ডেসকোর আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও দক্ষিণখান এলাকায়। বিদ্যুতের সুষ্ঠু বিতরণের জন্য অপরিহার্য ‘বিতরণ উপকেন্দ্র’ করার জন্য জায়গা না পাওয়ায় এসব এলাকার বিতরণ ব্যবস্থা এখনো অনুন্নত। বিদ্যমান ব্যবস্থা এসব এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বিতরণের উপযোগী নয়। তাই বিদ্যুতের উৎপাদনে ঘাটতি না থাকলেও এসব এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বিতরণ করা সম্ভবপর হবে না বলে জানিয়েছে ডিপিডিসি ও ডেসকোর সূত্রগুলো।
আরইবির সূত্র জানিয়েছে, প্রতি মাসে তারা গড়ে তিন লাখ করে নতুন গ্রাহককে সংযোগ দিচ্ছে। ফলে চাহিদা বাড়ছে প্রতি মাসেই। এই বাড়তি চাহিদা মেটানোর জন্য বিদ্যুৎ সরবরাহ বাড়ানোই বড় চ্যালেঞ্জ। আবার বাড়তি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হলেও সব গ্রাহকের ঘরে তা পৌঁছে দেওয়ার জন্য উপকেন্দ্র, ট্রান্সফরমার ইত্যাদিসহ যে অবকাঠামো প্রয়োজন, তা তৈরি করা সময়সাপেক্ষ। কাজেই এবারের গ্রীষ্মে গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি অনিশ্চিত।
বিদ্যুতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালেয়র অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, কিছু লোডশেডিং হবেই। তেলভিত্তিক নতুন যে কেন্দ্রগুলো মার্চের মধ্যে চালু হওয়ার কথা ছিল, সেগুলো তো হলো না। অথচ এপ্রিল-মে হলো সবচেয়ে স্পর্শকাতর সময়। কাজেই চাহিদার তুলনায় উৎপাদন স্বল্পতার জন্য কিছু লোডশেডিং হবে। আর কিছু হবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে। তবে পরিস্থিতি যাতে গত বছরের মতো না হয়, সে জন্য আগেই সরকারের প্রস্তুতি রাখতে হবে।