ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই এখন রোগীদের শেষ ভরসা। এটি নষ্ট হয়ে গেলে গরিব রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হবে। সেখানে গেলে নিঃস্ব হওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না। গতকাল বুধবার হাসপাতালের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল হক মল্লিক এসব কথা বলেন। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে একদল টেলিভিশন সংবাদকর্মীর অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচালক বলেন, অতীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি সংঘবদ্ধ চক্র রোগী নিয়ে বাণিজ্য করত। এখন সেটা নেই। বর্তমানে হাসপাতাল থেকে বিনা মূল্যে ৪০০ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। এ ছাড়া কম খরচে সিজারসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিচালক গত বছরের হাসপাতালের সেবার মান মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরে জানান, ওই বছর আট লাখ ৯৫ হাজার ৪৭৭ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। জরুরি বিভাগে এক লাখ ৯৩ হাজার ৫০০ জন চিকিৎসা নেয়। ওই বছর হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৮৩ হাজার ৬৬২ জন। সারা বছরে ২৫ হাজার ৬০০ বড় ধরনের এবং ২৮ হাজার ৭৯২টি ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আবুল কালাম আজাদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র সেবাপ্রতিষ্ঠান, যেখান থেকে শয্যা নেই অজুহাতে রোগী ফেরত দেওয়া হয় না।