গরু ব্যবসায়ীদের ১২ লাখ টাকা ডাকাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিন শ ফুট সড়কে আটজন গরু বিক্রেতার কাছ থেকে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে বেশ কয়েকজন সশস্ত্র যুবক ওই ব্যবসায়ীদের বহনকারী ট্রাকে উঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চলে যান। আহত গরু ব্যবসায়ীরা হলেন খোকন, বাবর আলী, রেজাউল, মামুন, আকবর, শামসুল, মোতাহার ও আহমদ।

আহত গরু ব্যবসায়ী শামসুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাজশাহী থেকে তাঁরা ১২টি গরু রাজধানীর রামপুরার আফতাবনগর হাটে এনেছিলেন। গতকাল রাতে গরু বিক্রির ১২ লাখ টাকা নিয়ে তাঁরা একটি ট্রাকে ওঠেন। ওই ট্রাকে যাত্রীবেশে বেশ কয়েকজন ডাকাত ওঠে। ট্রাকটি তিন শ ফুট সড়কে গেলে ওই ডাকাতেরা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁদের হাত বেঁধে ফেলে। পরে তাঁদের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে তাদের রাস্তায় ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, গরু ব্যবসায়ীদের কাছ থেকে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনা তাঁরা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।