গরুর গাড়ি চলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু ছুটে চলেছে দুদ্দাড়। গরুর গলায় বাঁধা রশি হাতে যাঁরা দৌড়াচ্ছেন, ছুটতে ছুটতে তাঁদের কম্ম কাবার। এর মধ্যেই বারবার একই প্রশ্নের জবাব দিতে হচ্ছে। পথচারী সবাই জানতে উৎসুক, গরুর দাম কত? 

কোরবানির পশুর হাট থেকে গরু কেনার পর যাঁরা বাড়ি ফিরতে থাকেন, তাঁদের ক্ষেত্রে এটা চিরচেনা ঘটনা। কিন্তু এখন অনেকেই গরু কেনার পর এভাবে হেঁটে যান না। বিশেষ করে রাজধানী ঢাকাসহ মহানগরগুলোতে তা দেখা যায়। হাটের বাইরেই দাঁড়িয়ে থাকে ছোট-বড় পিকআপ। দূরত্ব অনুযায়ী ভাড়ার বিনিময়ে গরু বাড়ি পৌঁছে দিচ্ছেন চালকেরা। এতে একটু খয়খরচা হলেও গরু যেমন আরাম পায়, সঙ্গে থাকা লোকজনও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। সময়ও লাগে কম।
আজ সোমবার সকালে গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, বেশ কিছু দূর থেকে সারি সারি পিকআপ ভ্যান দাঁড়িয়ে। পিকআপে বিশেষ কায়দায় বাঁশ বেঁধে এর মধ্যে গরু রেখে নিয়ে যাওয়া হয়। যাতে বাঁশের বাধা পেরিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা না করতে পারে। গরু নিয়ে হাট থেকে ক্রেতারা বেরিয়ে আসতেই পিকআপের লোকজন ঘিরে ধরছেন। দূরত্ব অনুযায়ী ভাড়া চাইছেন। দামে বনিবনা হলে গরু পিকআপে তুলেই ছুটছেন গন্তব্যের দিকে।
১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন ইব্রাহিম মোল্লা। বাসা বনশ্রীতে। দরদাম করে ১ হাজার ৫০০ টাকা দিয়ে একটি পিকআপ ঠিক করে ফেলেন। প্রথম আলোকে ইব্রাহিম মোল্লা বলেন, ‘বাসা অনেক দূরে। হেঁটে গেলে নিজেদের যেমন কষ্ট, পশুটিরও কষ্ট। আবার গরু পৌঁছে দিতে লোক নিলে তাদের ৫০০-৬০০ টাকা দিতে হয়। তাই পিকআপ নিয়ে নিলাম।’
পিকআপচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ঢাকার ভেতরে যেকোনো দূরত্বে গরু নিয়ে যাচ্ছেন। স্বল্প দূরত্বের ভাড়া ৫০০-৬০০ টাকা, বেশি দূরে হলে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা থাকে বলে দিনে ৮-১০টা করে গরু পৌঁছে দিতে পারছেন।
দুই টনের একটি পিকআপ নিয়ে গরু তোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মো. তরিকুল। তিনি প্রথম আলোকে বলেন, ‘গরু হাঁটিয়ে নেওয়া কষ্টকর বলে লোকজন পিকআপ নিচ্ছে। গত বৃহস্পতিবার থেকেই গরু নিয়ে যাচ্ছি। দিনে পাঁচ-ছয়টা নিতে পারছি। অন্য সময় মাল টানতাম।’
মূল হাটের বাইরেও দাঁড়িয়ে আছে বেশ কিছু পিকআপ। লোকজন গরু কিনে হাসিলের মূল্য পরিশোধ করেই পিকআপ ঠিক করে ফেলছেন। হাটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা যায়, স্বল্প দূরত্বের জন্যও অনেকে পিকআপ ভাড়া করছেন।
পিকআপে করে গরু নেওয়ার ব্যবস্থা আগেও ছিল, তবে এবারের মতো বড় পরিসরে ছিল না। এই সেবাকে হাটে আসা লোকজন সাধুবাদই জানাচ্ছেন। গরু নিয়ে মিরপুর-১২ নম্বর যাওয়ার জন্য পিকআপ ঠিক করছিলেন মাহবুব আলম। তিনি বলেন, ‘ব্যবস্থাটা ভালো। যার মাথা থেকেই আইডিয়া আসুক, লোকজনের উপকার হচ্ছে। ব্যস্ত সড়কে গরু নিয়ে বাড়ি ফেরার ঝুঁকি, কষ্ট, সবই কমছে।’