গরুর হাট নিয়ে ব্যস্ত কাউন্সিলর
প্রথম আলোর নিয়মিত এই আয়োজনে স্থানীয় কাউন্সিলরের সাক্ষাৎকার থাকে। সে অনুযায়ী, গত মঙ্গলবার রাত নয়টায় কাউন্সিলর বিল্লাল শাহর সাক্ষাৎকারের জন্য সময় চাওয়া হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় বাবুবাজারে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে দেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ। তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। বিকেলে কল দিয়েন।’
বিকেল চারটায় কাউন্সিলরের মুঠোফোনে কল দিয়ে সাক্ষাৎকারের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। গত সন্ধ্যায় আবার তাঁর কার্যালয়ে যেতে বলেন তিনি। কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বসে থেকেও তাঁর দেখা পাওয়া যায়নি। কারণ তিনি কার্যালয়ে আসেননি। একাধিকবার তাঁর মুঠোফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। কখন তিনি কার্যালয়ে আসবেন তা তাঁর দপ্তরের কেউ বলতে পারেননি। তবে কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘কাউন্সিলর সাহেব সামসাবাদ ও বাবুবাজার গরুর হাট নিয়া ব্যস্ত আছেন। কখন কোন দিকে যান, ঠিক নেই।’