গর্জন অনেক বর্ষণ অল্প

জনপথ প্রধান সড়ক। সকাল সাড়ে নয়টা। মানিকনগর প্রান্ত থেকে একমাত্র মেয়েকে টঙ্গী যাওয়ার মিনিবাস ‘তুরাগ’-এ তুলে দিয়েও স্বস্তি পাচ্ছিলেন না ব্যাংক কর্মচারী মাহবুবুল আলম।
বাস চলতে শুরু করেছে। জানালার কাচ ধরে এক প্রকার দৌড়াচ্ছিলেন মাহবুব। মেয়ের উদ্দেশে আদর আর উৎকণ্ঠা মাখা কণ্ঠ, ‘ঝড়-বৃষ্টি আসতে পারে। বাস থেকে নেমে রিকশা নিবি। সাবধানে ইউনিভার্সিটি যাবি মামণি।’ বাস দৃষ্টির সীমানা ছেড়ে গেছে। বাবা তাকিয়ে আছেন। জানতে চাইলে বললেন, হরতাল চলছে। তার চেয়ে বড় ভয় ঝড়বৃষ্টিকে। মেয়েটা পড়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে। আজ ক্লাস-পরীক্ষা আছে। কামাই দেওয়া যাবে না। বাধ্য হয়েই যেতে হলো।
গতকাল সোমবার সকাল থেকেই ঢাকায় আকাশের মুখ গোমড়া। ১০টার দিকে বেশ অন্ধকারই নেমে আসে। আধা ঘণ্টার মধ্যে দমকা হাওয়া। মেঘের গর্জন। গুঁড়িগুঁড়ি বৃষ্টি। টিকাটুলীতে ইত্তেফাক মোড়ে এক রিকশাচালক মতিঝিল সিটি সেন্টারে যাওয়ার ভাড়া চাইলেন ৬০ টাকা। আরোহী ৫০ টাকা দিতে চাইলে তিনি বললেন, ‘দ্যাখতাছেন না আকাশ ভাইঙা পড়তাছে।’
দুপুর সাড়ে ১২টা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে। দমকা হাওয়াসহ বৃষ্টি। ঝুপঝাপ ১০ মিনিট। মাথা বাঁচাতে দাঁড়িয়ে মানুষ। বাংলামোটরে যাবেন রকিবুল ইসলাম। বৃষ্টি থামার অপেক্ষা। কিন্তু থামবে কি? বললেন, ‘দেখবেন, একটু পরই রাস্তাঘাট সব ডুবে যাবে। ঢাকা শহর বলে কথা।’ শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাবেন অনুপম সরকার। বললেন, ‘শান্তিনগরে আজ নির্ঘাত কোমর পানি জমবে।’ থেমে গেল বৃষ্টি। না, যত দূর দৃষ্টি যায়, রাস্তা ডোবেনি, ভিজে গেছে শুধু।
নগর ভবন। বেলা সোয়া দুইটা। আকাশজুড়ে কালো মেঘ। ঘন ঘন গর্জন। ভারী বৃষ্টির লক্ষণ। সামনের রাস্তায় ধুলার ঝড়। ওসমানী উদ্যানে ভবঘুরেদের আড্ডা ভেঙে গেল। বৃষ্টিতে ভেজার ভয়। ছুটে এসে বারান্দায় দাঁড়িয়েছে ওরা। এবং অনেক মানুষ।
৫ মিনিট, ১০ মিনিট। না, বৃষ্টি আসছে না। থম ধরে আছে আকাশ। বেলা তিনটা গড়াচ্ছে। বাহ্! আকাশ ফরসা হচ্ছে। বৃষ্টি হলো না, ঢাকা ডুবল না।
সন্ধ্যা সোয়া ছয়টায় আবহাওয়া দপ্তর জানাল, সারা দিনে বৃষ্টি হয়েছে মাত্র ১ মিলিমিটার।
সকালে জনপথ সড়কে দেখা ব্যাংকের সেই কর্মচারী মাহবুব আলম মুঠোফোনে হাসছেন, মেয়ে নিরাপদে ঘরে ফিরেছে, বিকেল সাড়ে চারটায়।