গলাকাটা পাসপোর্টে বিদেশে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলাকাটা পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে জিএমজি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে যাচ্ছিলেন।গ্রেপ্তার হওয়া যাত্রীরা হলেন এনামুল হক, জহির আহমেদ, মঞ্জুর, নাসের হোসাইন, মো. ইমরান, সাজ্জাদুর রহমান আজাদ, ভেদা মিয়া, কলিম উল্লাহ, কামাল হোসেন, হাসান, আবদুর রশিদ, রেজাউল করিম, মাসুদ রানা, আনোয়ার হোসেন ও আবুল বাসার। তাঁরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।পুলিশ জানায়, এসব যাত্রী গতকাল ভোরে বিমানবন্দরে পৌঁছান। তাঁদের নির্ধারিত ফ্লাইটটি ভোর পৌনে পাঁচটায় বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। তাঁরা এয়ারলাইনস থেকে বোডিং কার্ড নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে কর্মকর্তারা তাঁদের পাসপোর্ট দেখে সন্দেহ করেন। এরপর যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় এগুলো গলাকাটা পাসপোর্ট। একে একে সবাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাঁরা গলাকাটা পাসপোর্টের কথা স্বীকার করেন। যাত্রীরা স্বীকার করেন, কয়েকজন দালালের সহযোগিতায় তাঁরা অন্যের পাসপোর্টে নিজেদের ছবি বসিয়ে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পুলিশের কাছে তাঁরা ওই সব দালালের নাম-ঠিকানাও জানিয়েছেন। ইমিগ্রেশন পুলিশের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যাত্রীদের সঙ্গে দুজন দালালও বিমানবন্দরে ছিলেন। মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে। এ ছাড়া অন্যের পাসপোর্টে নিজের ছবি বসানো ও অন্যকে নিজের পাসপোর্ট ব্যবহার করতে দেওয়া এবং এ কাজে সহায়তার অভিযোগে আরও ১৫ জনকে আসামি করা হয়। এ নিয়ে ৩২ জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করা হয়।সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে গলাকাটা পাসপোর্টে বিদেশে ভ্রমণ শুরু হয়েছে। এর আগে এ ব্যবস্থায় অনেক লোক বিদেশে গেলেও বিভিন্ন চাপের মুখে মধ্যখানে কিছুদিন এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে এটা আবার শুরু হয়েছে। গলাকাটা পাসপোর্টে বিদেশে যাওয়া বেশির ভাগ যাত্রীই মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া যাচ্ছেন বলে জানা গেছে।ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানান, মালয়েশিয়া সরকারের একটি কমিটি আজ বাংলাদেশ আসছে। তারা সেই দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। এ কারণে বেশ কিছুদিন থেকে অবৈধপথে বিদেশে যাওয়া রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হচ্ছে। এতে করে অবৈধ যাত্রীদের বিদেশ ভ্রমণ কমে যাচ্ছে। সূত্র জানায়, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, পাসপোর্ট জাল হলেও ভিসা সঠিক থাকে। দূতাবাসগুলোর একশ্রেণীর অসাধু কর্মচারী এসব ভিসা জোগাড় করে দেন। পরে দেখা যায়, ভিসা সঠিক হলেও ওই সব লোককে ফিরে আসতে হচ্ছে। অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার সঙ্গে এয়ারলাইনসগুলোর লোকজনও জড়িত বলে পুলিশ জানিয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, তাঁদের কাছে তথ্য আছে কয়েকটি বিমান সংস্থার স্থানীয় প্রতিনিধি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে এসব ঘটনায় দুটি এয়ারলাইনসের কয়েকজন কর্মচারী গ্রেপ্তারও হয়েছেন।বিশেষ শাখার এসএস ইমিগ্রেশন মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে ও জাল কাগজপত্র নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে গত এক বছরে পুলিশ প্রায় তিন হাজার লোকের যাত্রা স্থগিত করেছে। তাঁদের অনেককে গ্রেপ্তারও করা হয়।