গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় মিলি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে তার পরিবার দাবি করেছে। মিলি যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক সূত্র জানায়, মিলি মা-বাবার সঙ্গে ১৪৭/বি উত্তর যাত্রাবাড়ী খালেক ভিলায় থাকত। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই বাসা থেকে মিলিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র মেয়েকে হারিয়ে এ সময় মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।হাসপাতালে মিলির বাবা আনোয়ার হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, গতকাল সকালে মিলি তার এক বান্ধবীর সঙ্গে বেড়াতে যায়। শেষ বিকেলে ফিরে আসায় মিলিকে তার মা বকুনি দেন। এতে অভিমান করে সে সবার অগোচরে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দেয়। গোঙানির শব্দে মিলির মা-বাবা ছুটে এসে সিলিং ফ্যান থেকে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে নিয়ে যান।