গলায় ফাঁস নিয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী সিজান (১৮) এবং যাত্রাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী আসমা আক্তার (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ব্যাপারে স্থানীয় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।সিজানের বোন সামিয়া আক্তার জানান, তাঁর বাবা সাইদ হোসেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান। তাঁদের বাসা ধানমন্ডির সোবহানবাগ মসজিদের পেছনে। তাঁরা দুই ভাই বোন। একমাত্র ভাই সিজান ধানমন্ডির মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এ-লেভেলের ছাত্র ছিলেন। সে গতকাল দুপুরে বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন। সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা জানান, সোমবার সিজানের একটি পরীক্ষা ছিল। ওই পরীক্ষা খারাপ হওয়ায় তাঁকে গালমন্দ করায় সে আত্মহত্যা করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সিজান আত্মহত্যা করায় তাঁর পরিবার লাশের ময়নাতদন্ত করতে রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।যাত্রাবাড়ীর তিন নম্বর মাতুয়াইল কবরস্থান রোডের বাসিন্দা আব্দুর রউফের মেয়ে আসমা আক্তারও ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আসমার ভাই মোহাম্মদ রাজা জানান, আসমা মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এবার ফের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানান, গতকাল বেলা পৌনে একটায় আশঙ্কাজনক অবস্থায় আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। চার ভাইবোনের মধ্যে আসমা সবার ছোট। তাঁর বাবা আব্দুর রউফ সচিবালয়ের গাড়িচালক।