গল্প সাজালে পরিণতি ভালো হবে না
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোনো গল্প সাজালে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাংবাদিক নেতারা।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার সাগর-রুনি হত্যাকাণ্ড ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সভায় বক্তব্য দেন।সভায় বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাগর-রুনি হত্যার পরদিন থেকেই আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। আট মাস ধরে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চলছে। আমরা এ দেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করছি।’১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যার রহস্যের জট খুলবে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সুস্পষ্ট তথ্য দেবেন। খুনিদের গ্রেপ্তার করা হবে বলে আমরা আশা করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে এখনো আশাবাদী। তবে বিষয়টি অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।’ বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ডিইউজের অপর অংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) শাহীন হাওলাদার প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য দেন।সভায় সাংবাদিক নেতারা সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে প্রয়োজনে সংবাদমাধ্যম বন্ধ রাখা, ধর্মঘট আহ্বান, রাজপথ বন্ধ করে দিয়ে প্রেসক্লাব চত্বরে লাগাতার অবস্থান গ্রহণ, হত্যাকারীদের চিহ্নিত করতে গণতদন্ত কমিশন গঠন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে তাঁকে রিমান্ডে নেওয়াসহ বিভিন্ন ধরনের কর্মসূচির প্রস্তাব করেন।গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই দিন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশকে নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তাঁর নির্দেশের কথা শুনে সবাই আশ্বস্ত হয়েছিলেন। ভেবেছিলেন সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের জট খুলে যাবে এবং খুনি গ্রেপ্তার হবে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো কাজ হয়নি। এর দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। কিন্তু সেইঅগ্রগতির ব্যাপারে তিনি বিস্তারিত কিছুই জানাননি। এরপর আট মাস পেরিয়ে গেলেও ঘটনার কোনো কিনারা হয়নি। এ নিয়ে রাজনৈতিক আদর্শে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো এক হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।১১ অক্টোবর সাগর-রুনি হত্যার আট মাস পূর্ণ হচ্ছে। ওই দিন তাঁদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে শোকসভা করবেন সাংবাদিকেরা। এ ছাড়া সাংবাদিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ১৫ অক্টোবর একটি মহাসমাবেশ করবেন সাংবাদিক নেতারা।