গল্পে গল্পে একাত্তরের অভিজ্ঞতা বললেন মুক্তিযোদ্ধারা

১৯৭১ সালের ২৯ মার্চ। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফ্রান্স থেকে দেশে চলে আসেন কমোডর আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রমসহ নয়জন। প্রত্যেকেই ডুবোজাহাজ চালনায় পারদর্শী ছিলেন।
ওই নয়জন পরিকল্পনা করেন, মোংলা ও চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার। এই পথ দিয়ে পাকিস্তানি বাহিনীর অস্ত্র ও খাবার আসত। এ লক্ষ্যে ৩০০ জন নৌ কমান্ডারকে প্রশিক্ষণ দেন তাঁরা। পরে কমোডর আবদুল ওয়াহেদ চৌধুরীর নেতৃত্বে ৬০ জন নৌ কমান্ডো একাত্তরের ১৫ আগস্ট মাঝরাতে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেন। ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত ওই অভিযানে নৌ কমান্ডোরা একযোগে মোংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দরে আক্রমণ চালিয়ে পাকিস্তান বাহিনীর ২৬টি জাহাজ ও গানবোট ডুবিয়ে দেন। এতে পাকিস্তানি বাহিনীর মেরুদণ্ড ভেঙে যায়।
যুদ্ধের সময়ের এ ইতিহাস জানাচ্ছিলেন আবদুল ওয়াহেদ চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের গল্পবলা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুক্তিযোদ্ধারা শোনান নিজেদের গল্প।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বীরত্বপূর্ণ ভূমিকার কথা বলেন ক্যাপ্টেন (অব.) সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম। তিনি বলেন, বিমানবাহিনীকে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বাংলাদেশ-ভারতের যৌথ বাহিনী মিলে দেশের প্রধান প্রধান পাকিস্তানি ঘাঁটিগুলোতে আক্রমণ চালায়। ৫ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি বিমানবাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়।
সাহাবুদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে বিমানবাহিনী প্রায় ৮৫টি অভিযান পরিচালনা করে। সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকার পূর্বাঞ্চলে চালানো হয়েছিল এসব অভিযান। খুব বেশি আধুনিক অস্ত্র, বিমান ও জাহাজ না থাকলেও অপারেশনগুলো সফল হয়েছিল। কারণ তাঁদের ছিল সাহস ও ইচ্ছা।
নিজের গল্প বলেন কর্নেল (অব.) তৌফিকুর রহমান। একাত্তরে ছিলেন ১৫ বছরের কিশোর। পড়তেন বিএএফ শাহীন স্কুলে। ২৫ মার্চ হত্যাযজ্ঞের পর ঢাকায় পাকিস্তানি বাহিনীর অত্যাচার দেখে অপমানিত বোধ করেন তিনি। কয়েকজন মিলে যুদ্ধে যোগ দেন। তৌফিকুর রহমান ঢাকার গেরিলা যুদ্ধের ওপর একটি বই লেখার জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
‘মুক্তিযুদ্ধের গল্পবলা’ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের ‘আব্দুল’ বলে সম্বোধন করা হতো। যার অর্থ ছিল ‘চাকর’। যুদ্ধে স্বাধীনতা অর্জন করে পাকিস্তানি বাহিনীর সব ধরনের অপমানের জবাব দেয় এ দেশের মানুষ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরতেই এ আয়োজন।
জাতীয় জাদুঘরের সচিব শওকত নবীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গল্পবলা অনুষ্ঠান শেষ হয়।