গাছ কাটায় জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বাবুপুরা পুলিশ ফাঁড়ির গাছ কেটে পুলিশের বহুতল ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের জন্য বহুতল ভবন নির্মাণ বন্ধ এবং শতবর্ষী গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
সকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ। মানববন্ধনে অংশ নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান বলেন, গাছ কেটে পরিবেশ সংরক্ষণ আইন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আইন লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি শতবর্ষী গাছ সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন রেজা, বর্তমান সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
একই দাবিতে দুপুরে ক্যাম্পাসের অমর একুশে হলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার জন্য ওই পুলিশ ফাঁড়ি করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অবিলম্বে এ উদ্যোগ বন্ধ এবং গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে কারিগরি কর্মচারী সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ, চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নানসহ উভয় সংগঠনের পাঁচ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গত ২৯ নভেম্বর বাবুপুরা পুলিশ ফাঁড়ির ভেতর ১০ থেকে ১২টি গাছ কেটে নেওয়া হয়।