গাছ চিনলেন প্রকৃতিপ্রেমীরা

নগরের যান্ত্রিকতা ভুলে একটু সবুজ-শ্যামলের ছোঁয়া পেতে তরুপল্লবের আয়োজনে বসেছিল প্রকৃতিপাঠের আসর। গতকাল শুক্রবার পৌষের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল-সংলগ্ন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনে হয়ে গেল সংগঠনের ২১তম গাছ দেখা গাছ চেনা অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে উপস্থিত প্রায় অর্ধশতাধিক প্রকৃতিপ্রেমীকে বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিন সুন্দরী, রিঠা, আগর, তেলসুর, গর্জন, ব্রেডফ্রুট, বিলেতিবেল, কুরচি, বাওবাব, কোকো, রাম্বুটান, লেডিস আম্বেরলা, বনপান বা খাসিয়া পান, উদাল, দুলিচাঁপা, পাইন, বাঁশপাতি, বাসরলতা, শিমুল ইত্যাদি গাছের সৌন্দর্য, পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে ধ্বনিত হয় গাছ ও পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকারও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া, উদ্ভিদবিদ শামসুল হক, সাংবাদিক প্রণব সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বক্তারা বলেন, বৃক্ষ আমাদের সভ্যতার অংশ। বৃক্ষ ছাড়া জীবনের একটি মুহূর্তও কল্পনা করা যায় না।
এ সময় জানানো হয়, আজ (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং তরুপল্লবের যৌথ আয়োজনে সেখানকার গাছগুলোয় নামফলক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হবে।
২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। গাছ চেনানোর অনুষ্ঠান ছাড়াও সংগঠনটি উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকাশনাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।