গান আলোচনা আর ফুলেল শ্রদ্ধায় নজরুল স্মরণ
‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’এ কথা শুধু কাব্য করে নয়, নিজের জীবনেও প্রতিষ্ঠিত করে গেছেন তিনি। একদিকে অভাব-দারিদ্র্য-ক্ষুধার আগুন, আরেক দিকে অন্যায়-অবিচার-দুঃশাসন—এসব দেখেশুনে বিদ্রোহী হয়ে উঠেছিল তাঁর মন। তারই প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে তাঁর অগ্নিঝরা লেখনীতে। আবার এই আগুনের মাঝে বসেও তাঁর অগ্নিবীণায় বেজেছে মানবতার সুর, প্রেম, প্রকৃতি ও প্রেমের গান। তিনি আমাদের প্রিয় নজরুল। গতকাল শনিবার ১২ ভাদ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী। কবির চিরবিদায়ের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবিকে স্মরণ করে। কবির সমাধি ছেয়ে যায় ফুলে ফুলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে গতকাল সকাল থেকেই ভিড় করতে সর্বস্তরের মানুষ। কবি পরিবারের পক্ষ থেকে কবির নাতনি খিলখিল কাজী সকালে সমাধিতে ফুল দেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, নজরুল ইনস্টিটিউট, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গীতিকবি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, উদীচী, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, নজরুল আবৃত্তি পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রদল প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান। দুপুরে নজরুল ইনস্টিটিউট কবি ভবন মিলনায়তনে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘বিদ্রোহী কবিতার ৯০ বছর’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি আলোচনায় আরও অংশ নেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম ও কবির নাতনি খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। সঞ্চালনা করেন রেজাউদ্দিন স্টালিন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমবেত সংগীত ‘মৃত্যু নাই, দুঃখ নাই, আছে শুধু প্রাণ’ পরিবেশনার মধ্য দিয়ে। কবির ‘আগমনী’ কবিতাটি আবৃত্তি করেন মনির আহমেদ। শাহীন সামাদ, লায়লা আফরোজ, সালাউদ্দীন আহমেদ ও খিলখিল কাজী গান গেয়ে শোনান। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় গতকাল শনিবার বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া লেখকচক্রের আয়োজনে আলোচনা সভা সংগঠনের সভাপতি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সঞ্চিতা থেকে কবির কবিতা আবৃত্তি করা হয়। এর আগে পৌর উচ্চবিদ্যালয়ে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্ণ উপলক্ষে কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন আবদুল মোবিন, ফেরদৌস চৌধুরী, আনিকা মেহজানী, পূজা, অর্পা এবং অনন্যা।