গান এখন পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গানের ডালি, সুরবিতান, গীতালী, সুর-সঙ্গম, সারগাম, কসমোপলিটন, মেমোরি রেকর্ডিং সেন্টার, ঝঙ্কার—এলিফ্যান্ট রোডের নামকরা সব গান ও সিনেমার সিডি-ক্যাসেট বিক্রির দোকান। গানের ডালি ও সুরবিতান ছাড়া বাকিগুলো এখন আর নেই। গীতালী এখন গীতালী সুজ। সময়ের পরিবর্তনের সঙ্গে ব্যবসায়ীরা এখন অন্য ব্যবসায় ঝুঁকছেন।
গানের ডালির বয়স ৩৭ বছর। এটি ভারতীয় প্রতিষ্ঠান এইচএমভি-আরপিজির এ-দেশীয় পরিবেশক। এরা ভারত থেকে সরাসরি গান ও সিনেমার সিডি আমদানি করে। শেষ চালানটি এসেছে গত বছরের অক্টোবরে। এ দোকানের কর্ণধার সৈয়দ মানিক বলেন, ‘ব্যবসা উঠিয়ে দিতে পারছি না, আবার রাখতেও পারছি না। ব্যবসা ৮০ ভাগ কমে গেছে। নিজেদের রেকর্ডিং সাইটটিও বন্ধের মতো।’
মানিক বলেন, ইন্টারনেট-স্যাটেলাইট সহজলভ্য হওয়ার পর থেকে এ ব্যবসায় ধস শুরু হয়েছে। ২০১০-১১ পর্যন্ত মোটামুটি ছিল। এরপর থেকেই অবস্থা খারাপ হতে থাকে। শখের ক্রেতাদের জন্যই কিছুটা টিকে আছে। তবে তিনি গানের জগৎ ছাড়বেন না। এটাকে রেখেই বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবসা শুরু করতে পারেন।

এলিফ্যান্ট রোডের সিডির দোকানগুলোর প্রায় প্রতিটিতেই লেখা, এখানে মেমোরি কার্ডে গান লোড করা হয়। বিক্রেতারা বলেন, স্মার্টফোনে সব সুবিধা আছে। মানুষ চলতি পথে কানে হেডফোন লাগিয়ে গান শোনে। এ ছাড়া গান-সিনেমার জন্য ইউটিউব বা বিভিন্ন সাইট আছে। সিডির চেয়ে সবাই মেমোরি কার্ডে গান ভরে নেয়।

গীতাঞ্জলির বিক্রেতা মানিক শাহ নিজেও গান করেন। তাঁদেরও গানের অ্যালবামগুলোর বিক্রি কমে গেছে। দিনে আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি হয়। বললেন, এই ঈদে পাঁচ হাজার টাকার বিক্রি হয়েছে, যেখানে ঈদ এলে জমজমাট ব্যবসা হতো। সুরবিতানের বিক্রেতাও বললেন, ব্যবসা নেই।

এলিফ্যান্ট রোডের একসময়ের নামকরা গানের দোকান গীতালীর মূল দোকানটির জায়গায় এখন গীতালী সুজ। এলিফ্যান্ট রোডেই স্থান পরিবর্তন করে ছোট পরিসরে দোকানটি চলছে আলপনা প্লাজায়।

ঢাকার এলিফ্যান্ট রোডের মল্লিকা সিনেমা হল ভেঙে ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার করা হয়। তখন এর সপ্তম তলায় ১০-১৫টি সিডির দোকান ছিল। সেখানে গানের সুর বেজেই চলত। গতকাল বুধবার গিয়ে দেখা যায় চারটি দোকান আছে। হ্যাপি মিউজিকের সিডির তাকগুলো ফাঁকা। সরিয়ে নেওয়া হচ্ছে। দোকানি অনলাইন শপের ব্যবসা শুরু করবেন। এ দোকানের মালিকের পাঁচটা দোকান ছিল। এখন একটিই আছে। মালিক মো. সুজন বলেন, ‘আগামী এক বছরে এ ব্যবসা থাকবে কি না, জানি না। দিনে পাঁচ-ছয় হাজার টাকা বিক্রি হয়, যেখানে আগে এক-দেড় লাখ টাকাও বিক্রি করেছি।’

ইস্টার্ন মল্লিকার আরেক দোকানি মো. ইমরান পোশাকের ব্যবসা শুরু করবেন। দোকানে কিছু পোশাক তুলেছেনও। সোমবার মাত্র ২০০ টাকার সিডি বিক্রি করেছেন। তিনি বলেন, মানুষ সিডিতে না, পকেটে নিয়ে গান শোনে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শোয়েব আহমেদ আগে সিডি কিনে গান শুনতেন, সিনেমা দেখতেন। তিনি বলেন, ‘শেষ সিডি কিনেছি ২০১১ সালে। এখন তো ইউটিউব, বিভিন্ন সাইট আছে, সবই পাওয়া যায়। তাই কেনা হয় না। এখন গান পকেটে নিয়ে ঘুরি।’