গাবতলী টার্মিনাল দখলে দুই সাংসদের ঠান্ডা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী বাস টার্মিনাল নিজেদের নিয়ন্ত্রণে নিতে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিনা আক্তারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের দুই অংশকে এই দুই সাংসদ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলে অভিযোগ। টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে এই দুই অংশ এখন মুখোমুখি অবস্থানে।
শ্রমিক ইউনিয়নের আটজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্বাস উদ্দিন। এই পক্ষের হাতেই গাবতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ। তাঁদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আসলামুল হক এবং তাঁর ভাই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মফিজুল হক। আর ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের আরেক অংশের সভাপতি শওকত হোসেন। তাঁকে পৃষ্ঠপোষকতা দেন সাবিনা আক্তার। গত মাসের ১২ এপ্রিল ঢাকা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই নির্বাচনে আব্বাস পক্ষ অংশ নেয়নি। ফলে শওকত হোসেনের কমিটিকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে আব্বাস পক্ষে স্থানীয় সাংসদের আশীর্বাদ থাকায় টার্মিনালে দখল নিতে পারছে না শওকত অংশ।
শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমপি আসলাম, তাঁর ভাই মফিজুল হক, আব্বাস ও বিএনপি-জামায়াতের লোকজন গাবতলী টার্মিনাল দখলে নিয়া রাখছে। বৈধভাবে সভাপতি হওয়ার পরও আমরা দখল নিতে পারছি না।’ জানতে চাইলে আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘এসব পচা কাজ। আমি এত লেস কোয়ালিটির এমপি হই নাই যে গাবতলীতে যামু। আপনি শ্রমিকনেতাদের এসব জিজ্ঞাসা করেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক তিন নেতা প্রথম আলোকে বলেন, সদ্য ঘোষিত ঢাকা মহানগরের মিরপুর, দারুসসালাম, শাহ আলীর থানা কমিটিতে সাবিনা আক্তার-সমর্থিত নেতা-কর্মীরা এসেছেন। সাবিনার শক্তির ওপর ভর দিয়েই গাবতলীর নিয়ন্ত্রণ নিতে চায় শ্রমিক ইউনিয়নের শওকত অংশ। মিরপুরে সাবিনা আক্তারের রাজনৈতিক কর্মসূচিতে শওকত অংশের নেতা-কর্মীরা অংশ নেন। অন্যদিকে আসলামের সব কর্মসূচিতে আব্বাস গ্রুপের লোকজনকে নিয়মিত দেখা যায়।
মিরপুর থানা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, নেতা-কর্মীদের সঙ্গে কর্মচারীর মতো আচরণ করেন আসলামুল হক। এ জন্য অনেকে তাঁর বিপক্ষে চলে গেছেন, শ্রমিকেরাও তাই। এই সুযোগেই তিলে তিলে গড়া আসলামুল হকের সাম্রাজ্যে ভাগ বসাচ্ছেন সাবিনা। তা ছাড়া গাবতলী বাস টার্মিনালে প্রতি মাসে নামে-বেনামে প্রায় তিন কোটি টাকা চাঁদা আদায় করা হয়। তাই এই টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দুই পক্ষ।
সাবিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘গাবতলীতে কোনো কর্মসূচিতেও আমি যাই না। তবে শওকত-মিরাজ আওয়ামী লীগ করে, আমি ওদের কর্মসূচিতে যাই। এটা মিরপুর ১ নম্বরে হয়।’ তিনি বলেন, ‘আইন অনুযায়ী তাদের কমিটি বৈধ হলে সেটা কোর্টই বুঝিয়ে দেবে। আমার তো পৃষ্ঠপোষকতা করার কিছু নেই।’