‘গাবতলী টু বংশাল রিকশাভাড়া ৬০০ টাকা’
পোশাকশ্রমিক আরমান স্ত্রী, সন্তান ও পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে বসে আছেন গাবতলী বাস টার্মিনালের কাছে। সদরঘাট থেকে হেঁটে গাবতলী পর্যন্ত এসে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা। গন্তব্য সাভারের নবীনগর। এর আগে বরিশাল থেকে লঞ্চে করে সকাল ছয়টায় সদরঘাটে এসেছেন। রাস্তায় কোনো গাড়ি নেই। তাই বাধ্য হয়েই তাঁরা হেঁটে রওনা দেন। গাবতলীতে এসে এখন আর পা চলছে না। আরমান তাঁর পরিচিত একজনকে ফোন করে একটি ভ্যান পাঠাতে বলেছেন। কিন্তু সেটি কখন আসবে, তা বুঝতে পারছেন না।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী বখতিয়ার আলী বগুড়া সদর থেকে ফিরেছেন। গাবতলী থেকে তিনি যাবেন পুরান ঢাকার বংশালে। একটি রিকশা ঠিক করেছেন তিনি ৬০০ টাকায়। রিকশাচালক মো. রাসেলের দাবি, ভাড়া কম হয়ে গেছে। তাঁর কথা শুনে পাশের আরেক রিকশাচালক বলে উঠলেন, আজকের জন্য এটা অনেক কম ভাড়া।
ঈদ উপলক্ষে আট দিন শিথিলের পর করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ শুক্রবার সকাল ছয়টা থেকে আবারও শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। ঈদ উদ্যাপন শেষে আজ শুক্রবার যাঁরা ঢাকায় ফিরছেন, গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা নানা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে যাঁরা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরেছেন, তাঁদের যেন বিড়ম্বনার শেষ নেই। রিকশাই তাঁদের একমাত্র ভরসা। তবে আরমানের মতো নিম্ন আয়ের মানুষদের পক্ষে অতিরিক্ত রিকশা ভাড়া দেওয়া সম্ভব নয়।
আজ সকালে গাবতলী এলাকায় গিয়ে দেখা যায়, ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরছেন অনেক মানুষ। গাবতলী ব্রিজের ওপারে (আমিনবাজার অংশ) তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা হেঁটে ব্রিজ পার হয়ে ঢাকায় প্রবেশ করছেন।
দূরপাল্লার যেসব বাসে যাত্রী নেই, তাঁদের জিজ্ঞাসাবাদের পর ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। গণপরিবহন না থাকার কারণে গাবতলী থেকে কেউ কেউ রিকশায় চড়ে গন্তব্যে রওনা দিচ্ছেন। তবে ভাড়া বেশি হওয়ার কারণে অনেক মানুষ পায়ে হেঁটে রওনা দিচ্ছেন।
নড়াইলের কালিয়ার যুবক বিপ্লব ফকিরের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শনিবার। আজ কলাবাগানে একটি হাসপাতালে করোনা পরীক্ষা করার কথা। সাভারের আমিনবাজারে আসার পর বাস থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়। তারপর হেঁটে গাবতলী পর্যন্ত এসেছেন। কলাবাগানে যাওয়ার জন্য রিকশাচালক সাড়ে ৩০০ টাকা ভাড়া চাইছেন। তাই কলাবাগানে তিনি হেঁটে যাওয়ার জন্য রওনা দিয়েছেন।
বিপ্লব ফকির প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় নড়াইল থেকে বাসে করে রওনা দিয়েছি। আমিনবাজারে আসতেই সাড়ে ১০টা বেজে গেছে। পাটুরিয়া ফেরিঘাটে অনেক যানজট। দীর্ঘ যানজটের বিড়ম্বনা শেষে ঢাকায় ফিরে পড়েছি আরেক বিড়ম্বনায়। রিকশাচালকেরা অনেক বেশি ভাড়া চাইছেন। তাই হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছি।’
বেলা ১১টার দিকে গাবতলীর মাজার রোডে কথা হয় জেসমিন বেগম ও তাঁর স্বামী আবদুল হালিমের সঙ্গে। দুই মেয়েকে নিয়ে তাঁরা হেঁটে রওনা দিয়েছেন মহাখালীর কড়াইল বস্তির দিকে। জানান, জেসমিন বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। হালিম একটি হোটেলে কাজ করেন। যে সামান্য টাকা নিয়ে গ্রামে গিয়েছিলেন, সেই টাকা এরই মধ্যে শেষ হয়ে গেছে। মহাখালী পর্যন্ত ৬০০–৭০০ টাকা রিকশাভাড়া চান চালকেরা। অনেকটা বাধ্য হয়েই হেঁটে বাসায় ফিরতে হচ্ছে।
গাড়ির চাপ নেই
মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, শেরেবাংলা নগর, শ্যামলী, কল্যাণপুর ও মিরপুর এলাকায় ঘুরে দেখা গেছে, গাড়ির তেমন চাপ নেই। তবে গাবতলীতে দূরপাল্লার গাড়ি প্রবেশ করার কারণে সেখানে গাড়ির চাপ লক্ষ করা গেছে। পুলিশ বলছে, বিধিনিষেধ কার্যকরে ভোর থেকে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।
দূরপাল্লার বাসগুলো যানজটসহ নানা কারণে ঢাকায় ফিরতে দেরি হওয়ার কারণে চালককে জিজ্ঞাসাবাদ করে বাসগুলোকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। তবে কোনো গণপরিবহন ঢাকার বাইরে যেতে পারছে না। কল্যাণপুরের টেকনিক্যাল মোড় ও গাবতলী টার্মিনালে চেকপোস্টে কড়াকড়ি অবস্থানে রয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের মিরপুর বিভাগের উপকমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারি নির্দেশনার বাইরে কোনো যানবাহনকে রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা কঠোর অবস্থানে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছি। সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের।’