গাবতলী দিয়ে ঢাকা ছাড়তে যত দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী টার্মিনালের ভেতরে-বাইরে যেখান থেকেই বাসে উঠবেন, কাদাপানি মাড়াতেই হবে। বাসে ওঠার পর এক কিলোমিটার যেতে থামতে হবে অন্তত পাঁচবার। সড়ক বিভাজন কেটে অবাধে ট্রাক-বাস এপার-ওপার করার সুযোগ দেওয়ায় এখানে দূরপাল্লার বাসগুলোকে যানজটে পড়তে হচ্ছে। গতকাল মঙ্গলবার ছিল সরকারি শেষ কর্মদিবস। ফল দুপুরের পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। আর গাবতলী থেকে উত্তরবঙ্গ ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য বাসে উঠেই এসব দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। বাসে ওঠেই মানসিক যন্ত্রণায় ম্লান হচ্ছে ঈদের আনন্দযাত্রা। গতকাল সরেজমিনে ভুক্তভোগী এবং পরে যোগাযোগ করলে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ও টার্মিনালমুখী মানুষের যে দুর্ভোগ হচ্ছে, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে তা অনেকাংশে কমে যাবে। বিশেষ করে আজ থেকে ঘরমুখী মানুষকে একটু স্বস্তি দিতে চাইলে এই কাজটি গুরুত্ব দিয়ে করা উচিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বললেন, গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়ক বিভাজন কেটে মহাসড়কে অন্য সড়কের যানবাহন অবাধে প্রবেশ করার যে সুযোগ দেওয়া হয়েছে, এটা প্রকৌশলবিদ্যায় একেবারে নিষিদ্ধ। গাবতলীর যানজট কমাতে মূল সড়কের ওপর দিয়ে যানবাহন পারাপার বন্ধ করতে হবে। মহাসড়কের যানবাহনগুলোকে কোনো রকম প্রতিবন্ধকতায় যাতে না আটকে থাকতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়কের ওপর বাস-ট্রাক রাখ হয়েছে। ফলে চলার পথ হয়ে পড়েছে সংকীর্ণ। তার ওপর সড়কের ছোট-বড় গর্ত গাড়ির গতি কমিয়ে দিচ্ছে। আবার এক কিলোমিটারের মধ্যে পাঁচটি স্থানে পারাপারের সুযোগ থাকায় গাড়ি ঘোরাতে গিয়েও যানজট তৈরি হচ্ছে। এই সড়কের ওপর দিয়ে যানবাহন পারাপার বন্ধে এবং গাবতলীর যানজট কমানোর জন্য মিরপুর সেতুর নিচ দিয়ে দুই প্রান্তে দুটি সড়ক নির্মাণ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এই দুটি সড়ক ব্যবহার হচ্ছে না। ইট, বালুভর্তি ট্রাক ও সদরঘাট থেকে বেড়িবাঁধ হয়ে আসা যাত্রীবাহী বাসগুলো ওই পথে চলাচল না করে মূল সড়কের ওপর দিয়ে চলছে। এতে ঢাকা থেকে বের হওয়া এবং ঢোকার যানবাহনগুলো আটকে পড়ায় শহরের মধ্যে যানজট লেগে যাচ্ছে। সেতুর নিচের পূর্ব প্রান্তের বিকল্প সড়কে মালবোঝাই ট্রাক রেখে দেওয়া হয়েছে। কিছু অংশে পশুবাহী ট্রাক থামিয়ে ওঠানো-নামানো হচ্ছে। সড়কে প্রায় এক ফুট গভীর কাদার সৃষ্টি হয়েছে। কিছু স্থানে বিক্রির জন্য ইট-বালু রেখে দেওয়া হয়েছে। সেতুর নিচের পশ্চিম প্রান্তের বিকল্প সড়কটিও দখল করে রাখা হয়েছে ট্রাক দাঁড় করিয়ে। আমিনবাজার ট্রাকস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইছাহাক বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিকল্প সড়কটি চালু থাকলে গাবতলীর যানজট অর্ধেক কমে যাবে। মূলত মিরপুর টেকনিক্যাল মোড় থেকে মিরপুর সেতু পর্যন্ত সড়কের পাশে অনেক বাসের কাউন্টার আছে। শহরবাসী সেসব কাউন্টার থেকে বাসে উঠছে। কিন্তু এই পথটুকু ভাঙাচোরা। গতকাল সেখান মেরামতের কাজ করতেও দেখা গেছে। সব মিলিয়ে যুদ্ধ করে টিকিট কেটে বাড়ি যেতে ইচ্ছুক মানুষকে আরেক দফা যুদ্ধে নামতে হচ্ছে। এই টেকনিক্যাল মোড় থেকে মিরপুর সেতু পর্যন্ত ছয় লেনের সড়কের দুই দিকের দুটি লেন দখল করে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। এক কিলোমিটারেরও কম এই এলাকাজুড়ে সিএনজি ও পেট্রলপাম্প রয়েছে আট থেকে ১০টি। এসব কারণে সড়কের পুরোটা ব্যবহার হচ্ছে না।গাবতলী টার্মিনাল পুলিশ ফাঁড়ির সামনের সড়কে প্রায় ১০০ ট্রাক দাঁড় করা অবস্থায় দেখা গেছে। কিছু ট্রাকের মেরামতকাজও চলছিল এ সময়ে। মূল সমস্যা পাঁচটি কাটা: সরেজমিন ঘুরে গাবতলী টার্মিনালকে ঘিরে যে যানজট ও দুর্ভোগের সৃষ্টি, তার মূল কারণ ঢাকা-অরিচা মহাসড়কের পাঁচটি কাটা। এর সঙ্গে যুক্ত হয়েছে মিরপুর সেতুর দুই পারে দুটি ট্রাকস্ট্যান্ড। গাবতলী টার্মিনালের মুখেই সড়ক বিভাজন কাটা। গতকাল ওই কাটা অংশের পাশে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, প্রতি মিনিটে চার থেকে পাঁচটি যানবাহন এপার-ওপার হচ্ছে। সেখানে কোনো ট্রাফিক পুলিশকেও দেখা যায়নি। হুট করে যানবাহন এপার-ওপার হওয়ার কারণে দূরপাল্লার বাসগুলো থেমে পড়ছে। টার্মিনালের মুখের কাটা অংশের ৫০ গজের মধ্যে মিরপুর সেতু। সেতুর মুখে আরেকটি কাটা। এই অংশ দিয়ে মালবাহী ট্রাক এপার-ওপার হচ্ছে। এই দুটি কাটা অংশ দিয়ে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অন্তত ১৫০টি যানবাহন পারপার হতে দেখা গেছে। ফলে ৫০ গজের মধ্যে দূরপাল্লার বাসের চলাচল দুবার বাধাগ্রস্ত হতে দেখা গেল। মিরপুর সেতু পার হওয়ার পর আমিনবাজার পর্যন্ত সড়ক বিভাজন কেটে আরও তিনটি পথ করা হয়েছে। এই পথেও হরদম ট্রাক পারাপার হতে দেখা যায়। ঢাকা-রংপুর পথে চলাচলকারী এম আই পরিবহনের চালক আবদুল জব্বার বলেন, রাত-দিন ২৪ ঘণ্টাই মালবাহী ট্রাক পারাপার হয়। ভয়ে ভয়ে থাকতে হয়, কখন ট্রাক এসে সামনে পড়ে। ঢাকা-বরিশাল পথের সাকুরা পরিবহনের কর্মী আমজাদ হোসেন বলেন, মহাসড়কের পাশ থেকে হুটহাট ট্রাক প্রবেশের কারণে কয়েকবারই দুর্ঘটনায় পড়ার উপক্রম হয়েছে।