গাবতলী পশুর হাটে ইজারাদারদের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী পশুরু হাটে ইজারাদারের অনিয়ম ও দুর্নীতি বন্ধে অবিলম্বে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।

গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ব্যবসায়ীরা বলেন, গাবতলী পশুরু হাটে সরকারি শর্ত অমান্য করে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন ইজারাদার। অবিলম্বে তদন্ত কমিটি করে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ১৯ জুন ঢাকার সব মাংসের দোকান বন্ধ রাখা হবে। ঈদের পর অনির্দিষ্টকালের জন্য মাংসের দোকানে ধর্মঘট পালন করা হবে।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা। ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল বারেক বলেন, হাটের সীমানা ভেঙে দোকান করে দুই থেকে তিন লাখ টাকা অগ্রিম নিচ্ছেন ইজারাদার। এ ছাড়া প্রতি মাসে এসব দোকান থেকে মোটা অঙ্কের টাকা ভাড়া নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামিম আহম্মদ বলেন, গাবতলী হাটের ইজারাদারেরা অতিরিক্ত খাজনা আদায়ের রসিদ দেন না। সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে তাঁরা এই দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।