
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সড়ক পারাপারের জন্য তৈরি করে দেওয়া হয়েছে একটি অনিন্দ্যসুন্দর পাতালপথ (আন্ডারপাস)। তা সত্ত্বেও সেটি ব্যবহার না করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই এপার-ওপার যাচ্ছে যাত্রীরা। ফলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সড়ক পারাপারের সুবিধার জন্য রয়েছে একটি চমৎকার পাতালপথ। এখানে হকারদেরও উৎপাত নেই। নেই কোনো ময়লা-আবর্জনার চিহ্ন। নিয়মিত ময়লা-আবর্জনা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় পাতালপথটি। এর দেয়ালে আঁকা রয়েছে দৃষ্টিনন্দন সব নকশা। এসব নকশায় রয়েছে ফুল, পাখি ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। যাতায়াতের সুবিধার জন্য মাটির নিচে বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে পাতালপথটি।
সড়ক পারাপারের সুবিধার জন্য এত সুন্দর একটি পাতালপথ থাকা সত্ত্বেও প্রতিদিন অসংখ্য লোক জীবনের ঝুঁকি নিয়েই মূল সড়কের ওপর দিয়ে চলাচল করে। পাতালপথটি প্রায় ফাঁকাই পড়ে থাকে। সোমবার দুপুরে মাত্র দু-একজন যাত্রীকে পাতালপথটি ব্যবহার করে রাস্তা পার হতে দেখা যায়।
গাবতলী বাস টার্মিনালের পাশেই তিন সড়কের মোড়। এর প্রথম সড়কটি গিয়েছে বেড়িবাঁধের দিকে, দ্বিতীয়টি আরিচার দিকে এবং অন্যটি গাবতলী থেকে কল্যাণপুরের দিকে। সামনে খানিকটা জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গা দিয়ে বিভিন্ন রুটের গাড়িগুলো ঘুরিয়ে বা লেন পরিবর্তন করে টার্মিনাল থেকে গন্তব্যে যাত্রা করে বা টার্মিনালে ফিরে আসে। যাত্রীরা এই ফাঁকা জায়গা দিয়ে সড়ক পারাপার হয়ে যানবাহনে ওঠানামা করে। এর ফলে অনেক সময় সড়কের ওপর দীর্ঘ যানজট লেগে থাকে।
অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সময় বাঁচানোর জন্য পাতালপথ ব্যবহার না করে মূল সড়কের ওপর দিয়েই তাঁরা পার হতে চান। পাতালপথ ব্যবহার না করার কারণ জানতে চাইলে সড়ক পার হয়ে আসা যাত্রী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সময় বাঁচিয়ে দ্রুত গাড়িতে ওঠার জন্য জীবনের ঝুঁকি থাকলেও রাস্তার মাঝ দিয়ে চলে এসেছি।’
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে তৈরি করা হয়েছে এ পাতালপথটি। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে একসময় এটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। গত বছরের ১০ ডিসেম্বর একটি বিদেশি সংস্থার অর্থায়নে
নতুন করে সংস্কার করে পাতালপথটি পুনরায় উদ্বোধন করা হয়। এর সংস্কার করতে খরচ হয় ৩৪ লাখ টাকা। এর বাস্তবায়নে ছিল বিটাক নামের একটি প্রতিষ্ঠান।