গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ দুপুরে কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সকাল থেকে অনেকটাই ফাঁকা ছিল গাবতলী বাস টার্মিনাল। বেলা ২টার দিকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে
ছবি: প্রদীপ সরকার

গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল আজ শনিবার সকালবেলা অনেকটাই ফাঁকা থাকলেও বেলা দুইটার দিকে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় কিছুটা বেড়েছে। আজ থেকে পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ায় বিকেল নাগাদ যাত্রীদের চাপ কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে তুলনামূলক ফাঁকা ছিল গাবতলী বাস টার্মিনাল। বেলা দুইটার দিকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে।

দক্ষিণাঞ্চলের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার মো. সোহেল রানা বলেন, ফেরিঘাটে যানজট থাকায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের যাত্রীরা বাসে যেতে চান না। এবার তাঁরা সরাসরি লঞ্চে যাচ্ছেন। এ জন্য লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেশি।

যাত্রীর চাপ কম থাকায় অন্যান্য বছরের চেয়ে বাস ছাড়ছে কম। সোহেল রানা বলেন, ‘আজ সকাল থেকে বেলা ১টা পর্যন্ত মাত্র চারটি গাড়ি ছেড়ে গেছে। অন্যান্য বছর একই সময়ে আমরা ৮-১০টি বাস ছাড়ি।’

ভাড়া বাড়ায় অনেকে সড়কপথে কম যাচ্ছে বলেও মনে করেন তিনি। সোহেল রানা বলেন, জ্বালানি খরচ বাড়ায় ভাড়া বেড়েছে। গত বছর যেখানে ৫০০ টাকা ভাড়া ছিল, এবার সেখানে ৬৩০ টাকা ভাড়া।

হানিফ এন্টারপ্রাইজের একটি কাউন্টারের মাস্টার মো. বাপ্পি মনে করেন, এবার ছুটি বেশি। তাই সময় নিয়ে মানুষ যেতে পারছে। তা ছাড়া এবার অনেকে আগেই বাড়ি চলে গেছে। এ জন্য বাস টার্মিনালে এবার ভিড় কিছুটা কম।

এদিকে আজ থেকে পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া শুরু করেছে। ফলে বিকেল নাগাদ যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন মনিরুজ্জামান, লেবু মিয়া ও মো. সাব্বির হোসেন। তাঁরা আজ থেকে ১০ দিনের ছুটি পেয়েছেন। তিনজনেরই বাড়ি রংপুরের পীরগঞ্জে। বাসে করে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য দুপুরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। তাঁরা জানান, ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে বাসের টিকিট খুঁজছেন।