গাবতলী-সোয়ারীঘাট সড়ক অচল করে রেখেছে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে একটু সামনে এগুলেই সাদেক ফিলিং স্টেশন। এই স্টেশনের একটু পরই রাস্তার ওপর ১০টি বিশালাকৃতির লোহার পাইপ পাশাপাশি ফেলে রাখা হয়েছে। তার ওপর দেওয়া হয়েছে ইটা, বালু ও মাটি। ফলে রাস্তা আড়াই থেকে তিন ফুট উঁচু হয়ে বিশালাকারের এক স্পিডব্রেকারে রূপ নিয়েছে এটি। গত সোমবার এখানে একটি বেবিট্যাক্সি উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ধরনের দুর্ঘটনা এখানে নিত্যদিনের। প্রতি মুহূর্তে প্রাইভেটকারগুলো জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের পাইপের পাহাড় পার হচ্ছে। এতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। এ ধরনের দুর্ঘটনার শতাধিক ফাঁদ ফেলে রাখা হয়েছে গাবতলী থেকে সোয়ারীঘাট পর্যন্ত পুরো বেড়িবাঁধের রাস্তার ওপর। এ রাস্তা দিয়ে বাস, ট্রাক, প্রাইভেটকার, বেবিট্যাক্সি, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছে শিশুদের নিয়ে চলাচলকারী স্কুলগামী রিকশা-ভ্যানগুলো। অনেক সময় শিশুদের ভ্যান থেকে নামিয়ে তারপর ওই পাহাড় ডিঙাতে হয়। গত এক মাসে একাধিকবার এসব পাইপের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেছে কয়েকটি ট্রাক। যান চলাচলও বন্ধ ছিল অনেক সময়। এক মাস ধরে এই রাস্তায় এ সমস্যা চলতে থাকলেও তা দেখার যেন কেউ নেই। গাবতলী থেকে রায়েরবাজার বা সোয়ারীঘাট যেতে গত এক বছর আগে যাঁরা এ রাস্তা ব্যবহার শুরু করেছিলেন তাঁরা এখন এ পথে যেতে ভয় পান। একান্ত বাধ্য না হলে ওই পথে আর কেউ যেতে চান না। কিন্তু ওই এলাকায় যার বাড়ি তার আর উপায় নেই। আর এ কারণে রাজধানীর এ অঞ্চলের যানজট নিরসনে কিছুটা সহায়তাকারী এ রাস্তাটি ক্রমশ অকার্যকর হয়ে উঠছে।এমনি একজন রায়েরবাজারের আবদুল আলিম। তাঁর ব্যবসা নয়াবাজার। বেড়িবাঁধের এ রাস্তা হওয়ার আগে গুলিস্তান হয়ে তাঁর নয়াবাজার যেতে লাগত এক থেকে দেড় ঘণ্টা। এই রাস্তাটি চালু হওয়ার পর তিনি একটু হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে নির্বিঘ্নে তিনি সোয়ারীঘাট হয়ে তাঁর কর্মস্থলে যেতে পারতেন। কিন্তু গত মাসে বেবিট্যাক্সি উল্টে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।আবদুল আলিম জানান, বিষয়টি তিনি স্থানীয় ওয়ার্ড কমিশনারকে জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। ওয়াসা এ পাইপ বসালেও সেখানকার লোকজনকে তিনি চেনেন না। তাই ওই পথ বাদ দিয়ে এখন আবার যানজটের সঙ্গে লড়াই করে নয়বাজার যাওয়া-আসা করেন।স্থানীয় ওয়ার্ড কমিশনার জসিমউদ্দিন মাহমুদ বলেন, বন্যা কিংবা অতি বৃষ্টির কথা বলে কাজটি ওয়াসা করেছে। কিন্তু ইচ্ছে করলে তারা রাস্তার নিচ দিয়ে এসব পাইপ বসাতে পারত। তাহলে এ জনদুর্ভোগ হতো না। স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে জানা গেছে, ওয়াসা বন্যা কিংবা অতি বৃষ্টির কথা বলে তড়িঘড়ি করে এ কাজটি করেছে। রাস্তা দিয়ে যানবাহন কীভাবে চলবে সে চিন্তা করেনি। বন্যার ভয় দেখিয়ে ওয়াসার কর্মচারীরা নিজেদের পকেটে তুলে নিয়েছেন কিছু টাকা-পয়সা। স্থানীয় কলেজছাত্র নাদিম মোস্তফা বলেন, বন্যার কথা বলা হলেও এখানে আসলে টাকা লুটপাট ছাড়া আর কোনো লাভ হয়নি। কারণ বন্যার কোনো খবর নেই। ফলে শুকনোতেই পড়ে রয়েছে শতাধিক পানি সেচের মেশিন। এ ব্যাপারে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ওই এলাকায় ওয়াসার স্থায়ী কিছু পাম্প রয়েছে। অস্থায়ীভাবে বসানো পাম্পগুলোর বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।