গাবতলী হাটে ক্রেতা কম, দাম গতবারের চেয়ে সামান্য বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুর পর্যন্ত ক্রেতা কম বলে ব্যবসায়ীরা বসে অলস সময় পার করছেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে গাবতলী পশুর হাটে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। তবে বাজারে ক্রেতা কিছুটা কম বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন।

এদিকে গাবতলী পশুর হাটের বাইরে গরুবাহী ট্রাকের দীর্ঘ লাইন। চালকেরা জানিয়েছেন, দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষার পরও হাটে প্রবেশ করা যাচ্ছে না।

মানিকগঞ্জ থেকে আসা চালক আবদুল হালিম জানান, ট্রাকে ১০টি গরু নিয়ে এসেছেন। এক ঘন্টা ধরে বেড়িবাঁধ সড়কে আটকে আছেন। হাটে প্রবেশ করতে পারছেন না।

গাবতলী পশুর হাট।

ক্রেতা ও বিক্রেতারা জানান, সকাল থেকে হাটে ক্রেতা অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, যাঁরা আসছেন, তাঁদের অধিকাংশ দাম যাচাই করছেন। গরুর খামারিদের যে পরিমাণ খরচ হয়েছে, দাম আশানুরূপ বাড়েনি।

ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে দাম সামান্য বেশি।

পুরান ঢাকা থেকে আসা ক্রেতা আমিনুল ইসলাম বলেন, তিনি সকাল থেকে এখন পর্যন্ত তিনটি বাজার ঘুরেছেন। সকালে তিনি ধোলাইখাল এবং দুপিরে কচুক্ষেতে গিয়েছিলেন। তিনি দুটি মাঝারি মানের গরু কিনবেন।

তাঁর ভাষ্য, অন্য দুই বাজারের তুলনায় গাবতলীতে দাম সামান্য কম মনে হচ্ছে। তবে গতবারের তুলনায় দাম বেড়েছে। গত বছর তিনি ৯০ হাজার এবং ৮৫ হাজার টাকায় দুটি গরু নিয়েছিলেন। এবার তাঁকে হয়তো একই মানের গরু কিনতে এক লাখ টাকা করে খরচ করতে হতে পারে।

বিক্রেতারা আশা করছেন, দুপুরের পর ক্রেতা বাড়বে। তবে এখন অধিকাংশ ব্যাপারী অলস সময় কাটাচ্ছেন।

গরু ব্যবসায়ী নুরুল আমিন নেত্রকোনার কেন্দুয়া থেকে ছয়টি গরু নিয়ে হাটে এসেছেন গত সোমবার। ওজন সাড়ে চার থেকে ছয় মণের মধ্যে। দুটি গরু বিক্রি করেছেন এক লাখ পাঁচ হাজার এবং এক লাখ টাকায়। তিনি বলেন, ‘আশা ছিল দাম আরও একটু ভালো পাব। কিন্তু ক্রেতারা খুবই কম দাম বলছেন। তা ছাড়া ক্রেতাও কম।’