গাবতলীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
রাজধানীর গাবতলীতে ছিনতাই করে পালানোর সময় ধরা পড়া এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। তাঁর নাম আনোয়ার হোসেন (১৮)। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর সোয়া পাঁচটার দিকে বাগবাড়ী কেরানীপাড়া মোড়ে তিন ছিনতাইকারী শাহজাহান হোসেন নামে এক যুবকের পথ রোধ করেন। তাঁরা শাহজাহানের মাথায় চাপাতির কোপ দিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। শাহজাহানের চিৎকারে লোকজন এগিয়ে এসে আনোয়ারকে ধরে ফেলে। অন্যরা টাকা নিয়ে পালিয়ে যান। আনোয়ারকে গণধোলাই দেওয়ার পর দারুস সালাম থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ছিনতাইকারীদের হাতে আহত শাহজাহানকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দারুস সালাম থানার অপারেশন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ফারুক নামে নিহত আনোয়ারের এক সহযোগীকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের হাতে শাহজাহান আহত এবং ছিনতাইকারীর নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে।