কোরবানির ঈদ কেন্দ্র করে রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতে এর মধ্যেই প্রচুর গরু-ছাগল উঠলেও এ মুহূর্তে বিক্রি প্রায় নেই। অন্যদিকে অস্থায়ী হাটগুলো এখনো প্রস্তুত হয়নি। সেখানে চলছে খুঁটি পোঁতা, বাঁশ বাঁধা প্রভৃতি কাজ।বিক্রেতারা আশা করছেন, মাসের শুরুতে বিশেষ করে, চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ার পরই জমে উঠবে কেনাবেচা। তবে অনেকের আশঙ্কা, হাটে এবার প্রচুর ভারতীয় গরুর আমদানির কারণে দেশি গরুর প্রত্যাশিত দাম না-ও পেতে পারেন তাঁরা।গতকাল রোববার দুপুরে গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, ইতিমধ্যেই গরু দিয়ে ভরে উঠেছে বিশাল এ হাট। স্রোতের মতো আসছে আরও গরু। ছাগলও উঠেছে বেশ কিছু। গাবতলী হাটের কর্মীরা গরু এনে সামাল দিতে পারছেন না। গরু বাঁধার জায়গা পেতেও বেগ পেতে হচ্ছে।কুষ্টিয়া থেকে এসেছেন মো. একরামুল। তিনি জানান, তাঁরা ১৫ জন ব্যাপারি মিলে ৬০টি গরু এনেছেন। এর মধ্যে মোটাতাজা করা কিছু ভারতীয় গরুও রয়েছে। এখন পর্যন্ত চাহিদামতো দাম পাচ্ছেন না। গত চার দিনে তাঁরা কোনো গরুই বিক্রি করতে পারেননি।গরুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যাপারি নাসির আলীও। তিনি বলেন, ‘আমি কইলাম ৫০ হাজার, কাস্টমারে কয় ২৮ হাজার। ক্যামনে মিলে, কন?’ নাসির আলীর অভিযোগ, প্রচুর ভারতীয় গরু ওঠায় মোটাতাজা করা দেশি গরুগুলোর দাম উঠছে না। এখন তাঁরা অপেক্ষায় রয়েছেন ঈদের আগের দিনগুলোর।ব্যাপারি নাসির আলী জানান, এখন পর্যন্ত মাঝারি আকারের দেশি গরুর দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে। একই দামে আর একটু বড় আকারের ভারতীয় গরু পাওয়া যাবে।গাবতলী হাটে ঢোকার মুখেই গরু সাজানোর উপকরণ আর রশির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গরুর ক্রেতা বেশি না থাকায় সেগুলোরও বিক্রি কম। সে তুলনায় গরুর খাবারের বিক্রি বেশি, দামও চড়া। ব্যাপারিরা বললেন, গরুর খাবারের দাম এখানে এমনিতেই বেশি। ঈদ যত ঘনিয়ে আসছে, খাবারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখা গেল, গাবতলীতে এক ভ্যান ঘাসের দাম এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা, গমের ভুসি ৩৫ টাকা, এক আঁটি খড় ১০ থেকে ২৫ টাকা।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া, যশোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলা থেকে ইতিমধ্যেই প্রচুর গরু এসেছে। ট্রাকে-ট্রলারে আরও গরু আসছে। ঈদের আগের দিন পর্যন্ত গরু আসবে।এদিকে অস্থায়ী হাটগুলোর প্রস্তুতি এখনো শেষ হয়নি। গতকাল কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, কেবল বাঁশ বাঁধা ও খুঁটি পোঁতার কাজ চলছে। কেনাবেচা জমতে আরও অন্তত দুই দিন লাগবে।হাটের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুজ্জামান বলেন, ঢাকা সিটি করপোরেশন আর জেলা প্রশাসনের মিলিয়ে বসা ২০টি হাটেই পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। হাটগুলোতে বেচাকেনা শুরু হলেই বসানো হবে সিসি ক্যামেরা ও টাকা শনাক্তকরণ যন্ত্র। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ডিএমপিকে কিছু টাকা শনাক্তকরণ যন্ত্র দিয়েছে। আর ডিএমপি নিজে কয়েকটি যন্ত্র কিনবে।