গাবতলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাবেদ মজুমদার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জাবেদের স্বজনেরা জানিয়েছেন।

দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে গাবতলী থেকে মাজার রোডের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন জাবেদ। ট্রাকের চালকই তাঁকে হাসপাতালে নিয়ে যান। জাবেদের অবস্থার অবনতি হলে ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

জাবেদের স্ত্রী মুন্নী আক্তার প্রথম আলোকে বলেন, জাবেদ বিভিন্ন প্রতিষ্ঠানে পলিথিন সরবরাহের কাজ করতেন। বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে তিনি কাজে বের হন। রাত পৌনে ৯টার দিকে খবর পান গাবতলী এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জাবেদ। তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাবেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা জানান, জাবেদের বাবার নাম শেখ আহম্মেদ। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।