গাবতলীতে পরিবহন শ্রমিকদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ট্রাক চলাচলের সময় হ্রাস ও মেয়াদোত্তীর্ণ গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলীতে সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন পরিবহন শ্রমিক-মালিকেরা। পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হয়েছেন অন্তত ১২ জন। উত্তেজিত শ্রমিকেরা এ সময় এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ কারণে গতকাল সন্ধ্যা থেকে প্রায় চার ঘণ্টা গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি এবং উত্তরাঞ্চল থেকে আসা কোনো যানবাহনও রাজধানীতে ঢুকতে পারেনি।গতকাল রাজধানীতে শুরু হয়েছে মেয়াদোত্তীর্ণ গণপরিবহনবিরোধী অভিযান। এ ছাড়া গতকাল থেকে রাজধানীতে ট্রাক চলাচলের নতুন সময়সূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সূচি অনুযায়ী রাজধানীতে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ট্রাক চলতে পারবে। এর আগে রাত ১০টা থেকে রাজধানীতে ট্রাক চলাচলের নিয়ম ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, এ অভিযানের প্রতিবাদে ক্ষুব্ধ হন শ্রমিকেরা। তাঁরা গাবতলী ও আশপাশ এলাকায় দফায় দফায় মিছিল বের করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েক শ শ্রমিক গাবতলীতে সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা বিআরটিসির একটি বাসসহ অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর রাত সাড়ে নয়টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পুলিশের লাঠিপেটায় শ্রমিকেরা প্রথমে ছত্রভঙ্গ হয়ে বেড়িবাঁধ, তুরাগের পাড় ও অলিগলিতে আশ্রয় নেন। তাঁরা সেখান থেকে বের হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এভাবে রাত সাড়ে ১০টার দিকে এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। রাত পৌনে ১১টা থেকে যান চলাচল শুরু হয়। এ সময় পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার এহসান শাহ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে শ্রমিকেরা এ ঘটনা ঘটিয়েছে। সঙ্গে মালিকদের লোকও ছিল। তবে এ ঘটনার সঙ্গে বাইরের কোনো ইন্ধন ছিল না। এ সময় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।এদিকে চার ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গাবতলী হয়ে সাভারমুখী গাড়িগুলোকে মিরপুর বেড়িবাঁধ হয়ে ঘুরিয়ে দেয় পুলিশ। এ সময় উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাসগুলো দীর্ঘ সময় টার্মিনালে আসতে পারেনি। রাতে রাস্তায় বাস কাউন্টারগুলোর সামনে বাসের অপেক্ষায় প্রচুর মানুষের ভিড় দেখা গেছে।