গাবতলীতে যাত্রী গেলে টিকিটের জন্য ডাকাডাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে রাজধানীর সড়কগুলোতে যানবাহন নেই বললেই চলে
ছবি: প্রথম আলো

পবিত্র ঈদুল ফিতর কাল মঙ্গলবার। চলছে ঈদের ছুটি। আজ সোমবার রাজধানী ঢাকার রাস্তাঘাট ও বাস টার্মিনালগুলো গতকাল রোববারের চেয়ে বেশি ফাঁকা দেখা গেছে। সকালের দিকে রাজধানীর বিপণিবিতানগুলোতেও তেমন ভিড় দেখা যায়নি। গাবতলী থেকে নিউমার্কেট পর্যন্ত মোটরসাইকেলে করে যেতে সময় লেগেছে মাত্র ১৩ মিনিট।

সকাল সাড়ে ১০টায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনালের সামনের সড়ক ফাঁকা। যানবাহনের চাপ নেই। সড়কের পাশে সারি বেঁধে রাখা হয়েছে বিভিন্ন কোম্পানির যাত্রীবাহী বাস।
টার্মিনালের ভেতরের দৃশ্যও একই। টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় নেই। দুয়েকজন যাত্রী টার্মিনালে যাওয়ামাত্রই বাস কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন গন্তব্যের নাম বলে তাঁদের উদ্দেশে ডাকাডাকি করছেন।

গাবতলী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের একটি কাউন্টারের টিকিট বিক্রেতা মাইদুল হাসান প্রথম আলোকে বলেন, অন্য সময়ে সাধারণত ঈদের আগের দিনও যাত্রীদের ভিড় থাকে। কিন্তু এ বছর যাত্রী একেবারেই নেই।

আরও পড়ুন

সকাল পৌনে সাতটা থেকে বাস ছাড়া শুরু হয়েছে জানিয়ে মাইদুল হাসান বলেন, প্রতি এক ঘণ্টা পরপর বেলা সোয়া ১১টার মধ্যে চারটি বাস ছাড়ার কথা ছিল। কিন্তু যাত্রীর অভাবে ছাড়া হয়েছে মাত্র তিনটি। যে কয়টা বাস ছাড়া হয়েছে, প্রতিটিতেই ছয়-সাতটি করে আসন খালি গেছে।

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনে গ্রামের বাড়ি রাজশাহী যাচ্ছেন সিয়াম আহমেদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। বলেন, ‘কাজ গুছিয়ে বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে। আসার সময় ভাবছিলাম, বাসের টিকিট পাব কি না, কিন্তু টার্মিনালের এসে দেখি সবকিছু একদম ফাঁকা। কোনো চাপ নেই।’

পরে গাবতলী থেকে বেলা ১১টা ২০ মিনিটে নিউমার্কেটের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হন এই প্রতিবেদক। নিউমার্কেটে পৌঁছাতে সময় লাগে মাত্র ১৩ মিনিট। রাস্তা একেবারেই ফাঁকা ছিল। পথে শুধু কল্যাণপুর, শ্যামলী ও সায়েন্সল্যাব বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের গতি কিছুটা কমাতে হয়েছে।
সড়কের সব কটি সিগন্যালেই ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা এড়াতে সড়কে বেশ কিছু জায়গায় প্রতিবন্ধক বসিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন

সায়েন্সল্যাব ট্রাফিক সিগন্যাল এলাকার এক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব পালন করছি, কিন্তু কোনো চাপ নেই। রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কমে গেছে। তবে নিউমার্কেটে কেনাকাটার জন্য অনেকেই রিকশায় করে যাচ্ছেন।’

বেলা সাড়ে ১১টার পর নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাত ও সড়কের সামনে খোলা জায়গায় অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি রয়েছে। তবে বিপণিবিতানের ভেতরে ব্যবসায়ী ও বিক্রেতারা অলস সময় পার করছেন। কেউ কেউ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। অনেকেই আবার নিজেদের মধ্যে গল্প-আড্ডায় ব্যস্ত ছিলেন।

ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ক্রেতা একদমই নেই বলা যায়। লম্বা ছুটিতে অনেকেই আগেভাগেই বাড়ি চলে গেছেন। এখন যাঁরা ঢাকায় ঈদ করছেন, তাঁদের কেউ কেউ টুকটাক কেনাকাটা করতে মার্কেটে আসছেন। বিকেল থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়ার আশা করছেন বলে জানান তিনি।