গাবতলী–যাত্রাবাড়ীতে গাড়ির চেয়ে যাত্রীর চাপ বেশি

গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন রাস্তায় গাড়ির প্রচণ্ড ভিড়ছবি: দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। দীর্ঘ যানজট রয়েছে রাজধানীর এসব প্রবেশমুখে। সকাল থেকে দুপুরে এসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গাড়ি ও মানুষের চাপ কিছুটা কমে আসছে। ট্রাফিক পুলিশ সূত্র বলছে, গাড়ির চেয়ে এসব এলাকায় মানুষের চাপ অনেক বেশি। হাজার হাজার মানুষ গাবতলী ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে এসে গাড়ির জন্য অপেক্ষা করছে। ঢাকার বাইরে থেকে গাড়ি আসছে যাত্রী ভরে আবার গন্তব্যে চলে যাচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে গাবতলী এলাকায় মানুষের ঢল। সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজট। গণপরিবহন না পেয়ে অনেকেই গরু আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাকে করেই গন্তব্যে রওনা হয়েছেন। গাবতলী এলাকা, ৮ জুলাই
ছবি: দীপু মালাকার

ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে গাড়ি বের হচ্ছে। তবে ঢাকা মাজার গেট ও টেকনিক্যাল এলাকায় প্রচণ্ড যানজট রয়েছে। ঢাকার বাইরে থেকে যেসব গাড়ি গাবতলীতে প্রবেশ করছে, এসব পয়েন্ট দিয়ে তারা ইউটার্ন নিয়ে আবার গাবতলীতে যাচ্ছে। এ কারণে এই দুটি পয়েন্টে প্রচণ্ড যানজট রয়েছে।

ইফতেখারুল ইসলাম বলেন, সকালের তুলনায় এখন চাপ অনেক কম। গাবতলীতে ঘরমুখী মানুষের পাশাপাশি পশুর হাটে আসা মানুষেরও প্রচণ্ড চাপ রয়েছে।

মানুষের প্রচণ্ড চাপ রয়েছে যাত্রাবাড়ী এলাকায়। ট্রাফিকের ওয়ারী বিভাগের সরকারি কমিশনার তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাজার হাজার মানুষ বাস টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা করছে। গাড়ি আসছে যাত্রী নিয়ে আবার চলে যাচ্ছে। আমরা গাড়ি চলাচলের রাস্তা স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যাতে গাড়িতে ওঠার পর আর কোনো ভোগান্তি না হয়।

এদিকে উত্তরা, আবদুল্লাহপুর ও টঙ্গী এলাকায় গাড়ি ও মানুষের চাপ কিছুটা কম রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। উত্তরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সাইফুল মালিক প্রথম আলোকে বলেন, যাত্রীরা ঢাকা থেকে গাড়িতে করে সহজেই বিভিন্ন মন্তব্যে চলে যাচ্ছে। এ এলাকায় তেমন চাপ নেই।