গার্মেন্টস ব্যবসায়ী সাইফুল পাঁচ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ-খানের আশকোনা এলাকার গার্মেন্টস ব্যবসায়ী সাইফুল ইসলাম পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত রোববার ব্যবসাসংক্রান্ত কাজে গুলশানের উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। ওই দিন সন্ধ্যা সাতটার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহূত মুঠোফোনের নম্বর দুটিও বন্ধ পাওয়া গেছে।নিখোঁজ ব্যবসায়ীর পরিবার থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাইফুলের খোঁজ পেতে তাঁর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় গিয়েছেন। আত্মীয়স্বজন, বন্ধুদের সঙ্গেও কথা বলেছেন। এ ছাড়া হাসপাতাল ও থানায় খোঁজ নিয়েছেন। র‌্যাব-১ ও র‌্যাব-২-এর কার্যালয়েও খোঁজ করা হয়েছে।সাইফুলের বড় ভাই আবু হানিফ বলেছেন, গত মঙ্গলবার তাঁর ছোট বোন আফরোজা আক্তার সাইফুলের মুঠোফোনে ফোন করেন। তখন নম্বরটি খোলা পাওয়া যায়। অপর প্রান্তে এক ব্যক্তি ফোনটি ধরেন। আফরোজা ওই ব্যক্তির কাছে ভাইয়ের খবর জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর ওই নম্বরটি আর খোলা পাওয়া যায়নি।