গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৮ এপ্রিল থেকে কার্যকর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গার্মেন্টস শ্রমিক নেতা মন্টু ঘোষসহ গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি গত ২৮ এপ্রিল থেকে কার্যকরের দাবি জানানো হয়। গতকাল শনিবার পুরানা পল্টনে মুক্তি ভবনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ঘোষিত মজুরিকাঠামো নভেম্বর থেকে কার্যকরের ঘোষণা দেওয়ার পর শ্রমিকদের মধ্যে প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সে কারণে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। কিন্তু শ্রমিকদের সেই নায্য দাবির মুখে সরকার শ্রমিকনেতা মন্টু ঘোষসহ শত শত শ্রমিককে গ্রেপ্তার করে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাসহ ৩০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে অবিলম্বে শ্রমিকদের গ্রেপ্তার হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়, এভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। বরং পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের জন্য রেশনিং, বাসস্থান, চিকিৎসা এবং শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মনজুরুল আহসান খান, সাদেকুর রহমান শামীম, বিমল কান্তি দাশ, জিয়াউল কবির, তুহিন চৌধুরী, কে এম মিন্টু প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করেন জলি তালুকদার। বিজ্ঞপ্তি।