গার্মেন্টসের চুরির পোশাক যায় ‘নেপাল-শ্রীলঙ্কা-আফ্রিকায়’
ঢাকার আশুলিয়া থেকে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল অ্যাপারেলস লিমিটেড (এনভয় গ্রুপ) নামের একটি প্রতিষ্ঠানের তৈরি পোশাক। গত সোমবার যাত্রাপথে ৮ হাজার ৫৩টি পোশাক খোয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এসব পোশাক চুরি করে নেপাল, শ্রীলঙ্কা ও আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা চলছিল। একটি সংঘবদ্ধ চক্র এভাবে পোশাক চুরি করে বিদেশে পাঠায়।
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে ডিএমপির মতিঝিল গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ (৩০), মো. মোতাহার হোসেন (৩৮), মো. হানিফ (৩৭), মো. নজরুল (২০) ও মো. আবুল কাশেম (২১)।
পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, পোশাকগুলো ইউরোপে যাওয়ার কথা ছিল। চোরচক্রের সদস্যরা পথে কাভার্ড ভ্যান খুলে প্রায় ৬০ লাখ টাকার পোশাক চুরি করে নেন। চুরির পোশাক দেশের বিভিন্ন স্থানে বিক্রির পাশাপাশি অসাধু বায়ারদের মাধ্যমে নেপাল, শ্রীলঙ্কা ও আফ্রিকার বিভিন্ন দেশে যাচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিন থেকে চার মাস পর বিদেশি গ্রাহকদের কাছ থেকে পোশাক কম পাওয়ার অভিযোগ আসছে। এতে পোশাকমালিকদের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের ভুল-বোঝাবুঝি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পোশাক খাত।
ডিবি সূত্র জানায়, পোশাক চুরির ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত সোমবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগ ছায়াতদন্ত শুরু করে। পরে গত শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়।