গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলায় ২৩টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলায় গতকাল শনিবার চালকদের বিরুদ্ধে ২৩টি মামলা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। এ ছাড়া সিটবেল্ট বেঁধে গাড়ি না চালানোর কারণে ৩৪৪টি এবং মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করায় ১০৪টি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব মামলা করা হয়। আজ রোববার সকাল থেকে আবার অভিযান শুরু হবে বলে জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে। গত ২১ সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ বাহিনীকে চারটি কাজের দায়িত্ব দেওয়া হয়। এগুলো হলো, সড়ক পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করা, গাড়ি চলা অবস্থায় যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলেচালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা। এরই পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর থেকে এই অভিযান শুরু করেছে পুলিশ।